যাত্রা-যোগ-কালা দিবস – ভোট মিটতেই নয়া কৌশল নিয়ে ঝাঁপাচ্ছে BJP – Bengali News | Abhinandan Yatra to Black day, BJP election machinery coming back with a lot of programs
নয়া কৌশলে ঝাঁপাচ্ছে বিজেপি (ফাইল ছবি)
নয়া দিল্লি: তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরেছেন বটে, কিন্তু, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রত্যাশিত ফল হয়নি বিজেপির। তাই ভোট শেষ হওয়ার পর থেকেই ফের জনসংযোগের কাজে নেমে পড়ছে গেরুয়া শিবির। আগামী দিন পনেরো ধরে, দেশ জুড়ে বেশ কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। দেশজুড়ে বের করা হবে একটি যাত্রা। নরেন্দ্র মোদীকে টানা তৃতীয়বারের মতো দেশের প্রধানমন্ত্রী করার জন্য, ‘ভোটার অভিনন্দন যাত্রা’র মাধ্যমে সারা দেশের ভোটারদের ধন্যবাদ জানাবে বিজেপি। এই যাত্রা ছাড়াও রয়েছে আরও বেশ কিছু কর্মসূচি। আর প্রত্যেকটি কর্মসূচি নির্বাহের জন্য নির্দিষ্ট ব্যক্তিবর্গকে দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।
‘ভোটার অভিনন্দন যাত্রা’ কর্মসূচির ইনচার্জ করা হয়েছে সুনীল বনসলকে। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাতে দেশের বিভিন্ন জায়গায় চলবে এই যাত্রা। এর পাশাপাশি, তৃতীয় মোদী সরকার যে মন্ত্রীরা জায়গা পেয়েছেন, তাঁদেরও স্বাগত জানানো হবে। যে যে রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা নিযুক্ত হয়েছেন, সংশ্লিষ্ট রাজ্যগুলির বিজেপি শাখা সেই মন্ত্রীদের সম্মানে রাজ্যে একটি করে অনুষ্ঠানের আয়োজন করবে। সেখানে সংশ্লিষ্ট মন্ত্রীদের সংবর্ধনা দেওয়া হবে। তাঁদের মন্ত্রিসভায় সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকেও ধন্যবাদ জানানো হবে।
২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস। ওই দিনও দেশ জুড়ে যোগ সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে বিজেপি। তারপর ২৫ জুন, জরুরি অবস্থার স্মরণে, সারা দেশে ‘জরুরি অবস্থার কালো দিন’ শীরোনামে বেশ কিছু কর্মসূচি পালন করবে বিজেপি। জরুরি অবস্থার ভয়াবহতা স্মরণ করবেন বিজেপি নেতারা। সেই সময়, যাঁদের কারাবন্দী করা হয়েছিল, তেমন জীবিত ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করবেন কার্যকর্তারা। এই দুই কর্মসূচির ইনচার্জ, তরুণ চুগ এবং দুষ্মন্ত গৌতম। তাঁদের ঘাড়ে রয়েছে জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনের দায়িত্বও। ৬ জুলাই তাঁর জন্মদিন। সেই উপলক্ষ্যে ২৩ জুন থেকেই তাঁর আত্মত্যাগের কথা দেশব্যাপী প্রচার করবে বিজেপি।
এছাড়া, ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত, ‘এক পেড় মা কে নাম’ বলে দেশব্যাপী এক বৃক্ষরোপণ কর্মসুচিও করতে চলেছে বিজেপি। ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে একটি চারাগাছ রোপণ করে এই প্রচারের সুচনা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। এবার সেই কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় গেরুয়া শিবির। এর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রাধামোহন দাস আগরওয়াল এবং অরবিন্দ মেননকে।
এর পাশাপাশি, নতুন সরকার গঠনের পর ফের শুরু হতে চলেছে প্রধানমন্ত্রীর রেডিয়ো অনুষ্ঠান, ‘মন কি বাত’।
৩০ জুন থেকে ফের শুরু হবে এই বিশেষ অনুষ্ঠান। এর ইনচার্জ করা হয়েছে বিনোদ তাওড়ে এবং দুষ্মন্ত গৌতমকে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিজেপি একেবারে তেল দেওয়া যন্ত্রের মতো। একটি ভোট মিটতে না মিটতেই নয়া রাজনৈতিক কর্মসূচি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। এবারও তার ব্যতিক্রম হল না।