Jasprit Bumrah: ‘এক বছর আগেও…’, অভিমান ঝরে পড়ল বুমরার কথায় – Bengali News | ‘A year ago, the same people were saying…’: Jasprit Bumrah shuts down critics with match winning performances
তিন ফরম্যাটেই ভারতের সেরা পেসার জসপ্রীত বুমরা। শুধু ভারত কেন, বিশ্বের অন্যতম সেরা পেসারও বলা যায়। একটা সময় যদিও বুমরাকে শুধুই টি-টোয়েন্টি স্পেশালিস্ট ধরা হত। ধীরে ধীরে প্রমাণ করে দিয়েছেন সব ফরম্যাটেই তাঁর জুরি মেলা ভার। যদিও ২০২২ সাল স্বস্তির কাটেনি। চোটে জর্জরিত ছিলেন। যে কারণে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যায়নি তাঁকে। সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন জসপ্রীত বুমরা। এত ঘন ঘন কেন চোট? এই প্রশ্নও উঠেছিল। এখন শুধুই বুমরাকে ঘিরে বন্দনা।
চব্বিশের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দু-ম্যাচেই জিতছে ভারত। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বড় জয়। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে হারানো। দুই ম্যাচেই সেরার পুরস্কার জিতে নিয়েছেন জসপ্রীত বুমরা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার আক্ষেপটা পুষিয়ে দিচ্ছেন। তাঁকে আক্রমণে আনা মানেই সাফল্য। পাকিস্তানের বিরুদ্ধে ১৫তম ওভারে তাঁর একটা ডেলিভারিই ভারতকে ম্যাচে ফেরায়। চারিদিকে এত প্রশংসার মাঝেও বুমরার অভিমান কমছে না।
বুমরাকে নিয়ে যাঁরা সংশয় প্রকাশ করেছিলেন, তাঁদের জন্যই বিশেষ বার্তা। বুমরা বলছেন, ‘এক বছর আগেও এই মানুষগুলোই প্রশ্ন তুলেছিল। বলেছিল, আমার কেরিয়ার শেষ। আমি আর খেলতে পারব না। এখন সব কিছু বদলে গিয়েছে।’ বুমরার ফর্মে ফেরা অনেক আগেই। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিধ্বংসী ফর্মে ছিলেন। বিশ্বকাপেও সেই ফর্ম ধরে রেখেছেন। বুমরা বলছেন, ‘সেরা বোলিং করতে পারছি কিনা, সেটা নিয়ে ভাবছি না। আপাতত সামনে যা সমস্যা বলে হচ্ছে, সমাধানের চেষ্টা করছি।’