Viral Video: চিতাবাঘ, বিড়াল না অন্য কিছু? মোদীর শপথে সকলের অলক্ষ্যে রহস্যময় প্রাণী, দেখুন - Bengali News | Video of Leopard like mystery animal at Rashtrapati Bhavan during Modi's oath goes viral - 24 Ghanta Bangla News
Home

Viral Video: চিতাবাঘ, বিড়াল না অন্য কিছু? মোদীর শপথে সকলের অলক্ষ্যে রহস্যময় প্রাণী, দেখুন – Bengali News | Video of Leopard like mystery animal at Rashtrapati Bhavan during Modi’s oath goes viral

Spread the love

মোদীর শপথ গ্রহণের সময় রাষ্ট্রপতি ভবনে কোন প্রাণীকে দেখা গেল?Image Credit source: PTI and X

নয়া দিল্লি: মোদীর শপথে হানা দিল লেপার্ড? নাকি ওটা বিড়াল? কোন রহস্যময় চারপেয়ে নিশ্চিন্তে ঘোরাফেরা করছিল রাষ্ট্রপতি ভবনে? রবিবার নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে, ৭২ জন মন্ত্রী-সহ টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রতিবেশি দেশগুলির রাষ্ট্রনেতারা। উপস্থিত ছিলেন মুকেশ অম্বানি-সহ ভারতের বিশিষ্ট ব্যক্তি শিল্পপতিরা, শাহরুখ খান-অক্ষয় কুমারদের মতো চলচ্চিত্র তারকারা। ছিলেন বিভিন্ন জগতের আরও বহু বিশিষ্ট ব্যক্তিরা। সব মিলিয়ে প্রায় ৮,০০০ অতিথি উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ভবনে। তবে, সোশ্যাল মিডিয়ার নজর কেড়েছে রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত অন্য এক বিশেষ ‘অতিথি’।

তাঁকে সম্ভবত কেউ আমন্ত্রিত জানায়নি, রাষ্ট্রপতি ভবনে উপস্থিত এতজন ভিভিআইপিদের বা তাঁদের নিরাপত্তারক্ষীদের কারও চোখেও পড়েনি। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় এখন এই অতিথির ভিডিয়ো ভাইরাল। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিয়ো ক্লিপ সেটি। সেই সময় শপথবাক্য পাঠ করছিলেন বিজেপি সাংসদ দুর্গাদাস উইকে। শপথবাক্য পাঠের পর, প্রয়োজনীয় নথিপত্রে স্বাক্ষর করেন তিনি। এরপর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন তিনি। সেই সময়ই ক্যামেরায় ধরা পড়ে ওই অনাকাঙ্খিত অতিথির ছবি। রাষ্ট্রপতি ও দুর্গাদাস উইকের পিছনে, রাষ্ট্রপতি ভবনের করিডোর দিয়ে একটি চারপেয়ে প্রাণীকে দেখা যায় হেঁটে যেতে।

প্রাণীটি কি লেপার্ড বা চিতাবাঘ? নাকি কোনও সাধারণ পোষ্য বিড়াল? নাকি কুকুর? ভিডিয়ো ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিভিন্ন তত্ত্ব আসছে এই বিষয়ে। নেটিজেনদের অনেকেই জানিয়েছেন, রহস্যময় প্রাণীটির হাঁটার ধরন কুকুরের মতো নয়। এটি অবশ্যই কোনও বিড়ান গোত্রের প্রাণী। শুধু তাই নয়, অনেকেই জানিয়েছেন, প্রাণীটির লেজ এবং চলাফেরা দেখে মনে হচ্ছে, প্রাণীটি ‘বিগ ক্যাট ফ্যামিলি’র। অর্থাৎ, সাধারণ পোষ্য বিড়াল নয়, বাঘ-চিতাবাঘ গোত্রের বড় বিড়াল।

এখানেই উঠে গিয়েছে নিরাপত্তাজনিত প্রশ্নও। রবিবার সন্ধ্যায়, রাষ্ট্রপতি ভবন ঠাসা ছিল ভিভিআইপি-তে। তার মধ্যে একটি চিতাবাঘের মতো দেখতে রহস্যময় প্রাণী, কীভাবে রাষ্ট্রপতি ভবনে অকপটে হেঁটে বেড়াচ্ছে, নেটিজেনরা প্রশ্ন তুলেছেন। প্রাণীটি কাউকে আক্রমণ না করে শান্তিপূর্ণভাবে হেঁটে চলে গিয়েছে, সেটা রাষ্ট্রপতি ভবনে উপস্থিত অতিথিদের সৌভাগ্য বলে জানিয়েছেন তাঁরা। আরেকজন বলেছেন, যদি প্রাণীটি সত্যিই চিতাবাঘ হয়, তাহলে নিরাপত্তা রক্ষীরা কী করছিল? রাষ্ট্রপতি ভবনের মধ্যে এত বড় সুরক্ষা লঙ্ঘন হতে পারে, তা বিশ্বাসই করতে পারছেন না কেউ। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এই ভাইরাল ভিডিয়োর বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *