Robbery Attempt: ফের টার্গেট নামি সোনার দোকান! হেলমেট-রুমালে মুখ ঢেকে হানা – Bengali News | Attempt of robbery at a Gold Jewelry store in Raniganj of Paschim Bardhaman
সোনার দোকানে দুষ্কৃতীদের তাণ্ডবImage Credit source: TV9 Bangla
আসানসোল: ফের সোনার দোকানে ডাকাতির চেষ্টা। একেবারে ভরদুপুরে ডাকাতির চেষ্টা। এবার পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে। সেখানে এক প্রসিদ্ধ সোনার দোকানে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। সশস্ত্র অবস্থায় ছিল ডাকাত দলের প্রত্যেকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পুলিশ সেখানে পৌঁছাতেই গুলি চালাতে শুরু করে ডাকাত দল। উল্টোদিক থেকে পাল্টা গুলি চালানো হয় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, সাত আট রাউন্ড গুলি চলেছিল। শেষ পর্যন্ত একটি ব্যাগ নিয়ে গুলি ছুড়তে ছুড়তে বাইক ছুটিয়ে এলাকা থেকে চম্পট দেয় ডাকাত দল। যদিও সোনার দোকান থেকে কিছু খোয়া গিয়েছে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ডাকাত দলের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে। তবে তাকে পাকড়াও করা সম্ভব হয়নি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন রানিগঞ্জ বাজার এলাকার ব্যবসায়ীরাও। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে গুলি লেগেছে। একটি চায়ের দোকানের কেটলিতেও গুলি চিহ্ন রয়েছে। এলাকায় বিভিন্ন জায়গায় গুলির খোল ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গিয়েছে।
জানা যাচ্ছে, প্রায় তিন-চার মিনিট সেখানে ছিল ডাকাত দল। গুলি চালিয়ে পালানোর সময় সঙ্গে একটি ব্যাগ নিয়ে সেখান থেকে চম্পট দেয় ডাকাতরা। যদিও সেই ব্যাগে কী ছিল, সোনার দোকান থেকে কিছু খোয়া গিয়েছে কি না, সেটা এখনও জানা যায়নি।