CWC Meeting: রাহুলই লোকসভার বিরোধী দলনেতা হোক, চাইছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি – Bengali News | CWC passes resolution to appoint Rahul Gandhi as leader of Opposition in Lok Sabha
২০১৪ এবং ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালের লোকসভা ভোটে সাফল্য পেয়েছে কংগ্রেস। ৯৯ আসন জিতে বিরোধী দলের মর্যাদাও পুনরুদ্ধার করেছে। সেই সঙ্গে বিজেপি-কে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া থেকে রুখে দেওয়া সম্ভব হয়েছে। এই ঘটনাক্রমের পর শনিবার বসেছিল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। সেখানে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফলের বিশ্লেষণের পাশাপাশি আগামী দিনে পথচলার রূপরেখা কী হবে তা নিয়েও আলোচনা করেছে জাতীয় কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃত্ব। এর পাশাপাশি লোকসভা বিরোধী দলনেতা হওয়ার জন্য রাহুল গান্ধীকে অনুরোধও করেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি।
সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী ভদ্রা, মল্লিকার্জুন খাড়্গে, জয়রাম রমেশ, কেসি বেণুগোপাল ছাড়াও এখাধিক কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন শনিবারের বৈঠকে। সেখানেই আগামী দিনে ইন্ডিয়া জোটকে অটুট রেখে এগিয়ে চলার পক্ষে সওয়াল উঠেছে। বৈঠকের পর মল্লিকার্জুন খাড়্গে সাফ জানিয়ে দিয়েছেন, ইন্ডিয়া জোটকে সামনে রেখেই লড়াই চালাবে কংগ্রেস। লোকসভার ফল ‘ঘৃণা এবং বিদ্বেষমূলক’ রাজনীতিকে প্রত্যাখ্যানের রায় বলেও উল্লেখ করেছেন খাড়্গে। বিজেপির একাধিপত্য রুখে দেওয়ার ক্ষেত্রে ইন্ডিয়া জোটের আঞ্চলিক দলের ভূমিকাও স্বীকার করা হল বৈঠকে।
লোকসভা ভোটের আগে দুই দফায় ভারত জোড়ো যাত্রা করেছিলেন রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রা সেখান গিয়েছে, সেখানে কংগ্রেসের ফল ভালো রয়েছে বলে আলোচনা হয়েছে বৈঠকে। এই জয়ের জন্য রাহুল গান্ধীকে কৃতিত্বও দেওয়া হয়েছে। এসসি, এসটি, পিছিয়ে পড়া এলাকায় কংগ্রেসের ফলাফল তুলনামূলক ভালো হয়েছে বলে জানানো হয়েছে বৈঠকে।
কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক
তবে গোটা দেশে কংগ্রেসের ফল যে আশানুরূপ হয়নি, তা নিয়েও আলোচনা হয়েছে কংগ্রেসের বৈঠকে। বিশেষত কংগ্রেস শাসিত যে রাজ্যগুলিতে লোকসভা ভোটে দলের ফল খারাপ হয়েছে, সেগুলিতে বিশেষ ভাবে নজর দেওয়ার কথা বলেছেন খাড়্গে। কংগ্রেস শীর্ষনেতৃত্ব মনে করছেন, পশ্চিমবঙ্গ, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ড এবং কংগ্রেস শাসিত কর্নাটক ও হিমাচল প্রদেশে দলের ফল খুবই খারাপ হয়েছে। মাত্র ছ’মাস আগে বিধানসভা ভোটে বিপুল ভাবে জেতা তেলঙ্গানাতেও বিজেপি কড়া টক্কর দিয়েছে। কংগ্রেস শাসিত হিমাচলের চারটি লোকসভাই বিজেপি জিতেছে। কেন এই সব জায়গায় ফল প্রত্যাশিত হবে না, তা নিয়ে পর্যালোচনা করে যথোপযুক্ত পদক্ষেপ করার কথাও জানিয়েছেন খাড়্গে।