INDIA Bloc PM Face: রাহুল প্রধানমন্ত্রী নাকি অখিলেশ? উত্তর প্রদেশে বইছে ‘অন্য’ হাওয়া – Bengali News | Lok Sabha Election 2024 Results: Rahul Gandhi or Akhilesh Yadav? Who Will Be Prime Minister Face of INDIA Bloc
নয়া দিল্লি: লোকসভার লড়াইয়ে এগিয়ে এনডিএ-ই। সংখ্যাগরিষ্ঠ মার্জিনে এগিয়ে বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ-ই। তবে দারুণ ফল করেছে ইন্ডিয়া জোটও। এনডিএ যেখানে ২৯২ আসনে এগিয়ে, সেখানেই ইন্ডিয়া জোটও ২৩৩ আসনে এগিয়ে। এই ভাল ফলের পরই বিরোধী জোটও সরকার গড়ার স্বপ্ন দেখছে। ইন্ডিয়া জোট যদি সরকার গড়ে, তাহলে প্রধানমন্ত্রী হবে কে? এক বড় অংশের দাবি, রাহুল গান্ধীই হোক দেশের প্রধানমন্ত্রী। এদিকে আবার উত্তর প্রদেশে পোস্টার পড়েছে, অখিলেশ যাদব প্রধানমন্ত্রী হোক।
এখনও পূর্ণাঙ্গ ভোটের ফল প্রকাশ পায়নি, তার আগেই সরকার গড়ার চেষ্টা করছে বিরোধী ইন্ডিয়া জোট। ইতিমধ্যেই তারা প্রাক্তন জোটসঙ্গী নীতীশ কুমারের সঙ্গে যোগাযোগ করছে। জেডিইউ-র এক নেতা আবার জল্পনা উসকে দিয়ে বলেছেন, “নীতীশ কুমারের থেকে ভাল প্রধানমন্ত্রীর মুখ কে হতে পারে?”
ওদিকে, শিবসেনা (ইউবিটি)-র নেতা সঞ্জয় রাউত বলেছেন, “রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়া উচিত। উপ-প্রধানমন্ত্রী হবেন অখিলেশ যাদব।”
অন্যদিকে আবার উত্তর প্রদেশ বলছে অন্য কথা। দিল্লি যাওয়ার রাস্তা তৈরি হয় উত্তর প্রদেশ থেকেই। সেখানে ইতিমধ্যেই জায়গায় জায়গায় পোস্টার পড়ে গিয়েছে যে অখিলেশ যাদবকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে যান জনগণ। উত্তর প্রদেশে যেখানে ৩২ আসনে এগিয়ে বিজেপি, সেখানেই ৩৮ আসনে এগিয়ে সমাজবাদী পার্টি। এই দারুণ ফল-ই অখিলেশকে প্রধানমন্ত্রী হওয়ার আত্মবিশ্বাস জোগাচ্ছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।