Nitish Kumar Lok Sabha Election 2024: নীতীশ কি আবার পাল্টি মারবেন? তাঁকে টানাটানি শুরু বিজেপি-কংগ্রেসের – Bengali News | Lok Sabha Election Results 2024: Nitish Kumar May Become Kingmaker As Congress Trying to Reach him, JDU Leading in 15 Seats in Bihar
শেষ হাসি হাসবেন নীতীশ কুমার?Image Credit source: Twitter
নয়া দিল্লি: বুড়ো হাড়েও ভেলকি দেখাতে পারেন তিনি। আরও একবার তা জানান দিচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের আগেই তাঁকে নিয়ে টানাটানি এনডিএ ও ইন্ডিয়া জোটের মধ্যে। কেন জানেন? কেন্দ্রে সরকার গড়ায় কিং মেকার হতে পারেন তিনি।
পূর্বাভাস ছিল, তৃতীয়বারের জন্যও গেরুয়া ঝড় উঠতে চলেছে। কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। ১০০-র গণ্ডি পার করলেও, বিশেষ সুবিধা করতে পারবে না বিরোধী ইন্ডিয়া জোট। কিন্তু ভোটগণনা শুরু হতেই দেখা যাচ্ছে উল্টো চিত্র। এনডিএ-র ভোটে ভাগ বসাচ্ছে ইন্ডিয়া জোট। আর এখানেই উঠে আসছে নীতীশ কুমারের নাম। এতদিন বিহারে কিং মেকার ছিলেন তিনি। এবার কেন্দ্রেও সরকার গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন নীতীশই।
দুপুর একটা পর্যন্ত ভোট গণনায় দেখা যাচ্ছে, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে ২৯৮ আসনে। সেখানেই ইন্ডিয়া জোট ২২৬টি আসনে এগিয়ে। এনডিএ-র প্রত্যাশা ছিল ৪০০ পারের। সেখানে এখনও পর্যন্ত ৩০০-র কাছাকাছি পৌঁছতে পেরেছে এনডিএ। সেখানেই বিজেপি ও সমালোচকরা যেখানে বলেছিল, ১০০-ও পার করতে পারবে না ইন্ডিয়া, সেখানেই ২০০-র গণ্ডি ছাড়িয়েছে বিরোধী জোট।
ভোটের ফলাফলে মাইলেজ পেতেই ইন্ডিয়া জোট আবার হাত বাড়িয়েছে প্রাক্তন জোটসঙ্গী নীতীশ কুমারের দিকেই। সূত্রের খবর, কংগ্রেসের তরফে নীতীশ কুমারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের যা ট্রাক রেকর্ড, তাতে যেকোনও মুহূর্তেই ফের এনডিএ-র নৌকা থেকে ইন্ডিয়ার নৌকায় ঝাঁপ দিতে পারেন।
প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের সূত্রধর ছিলেন নীতীশ, কিন্তু লোকসভা নির্বাচনের কয়েক মাস আগেই জোট ভেঙে এনডিএ-তেই ফিরে যান নীতীশ কুমার। বিহারের গঠবন্ধন জোটও ভেঙে বিজেপির সঙ্গে সরকার গড়েন। কিন্তু নীতীশ কুমার এর আগে একাধিকবার শিবির বদল করেছেন। কখনও এনডিএ, কখনও বিরোধী ইউপিএ-র জোটের সদস্য ছিলেন নীতীশ।
বিহারের ভোটের ফলাফলের দিকে তাকালে দেখা যাচ্ছে, সবথেকে এগিয়ে রয়েছে নীতীশের জেডিইউ-ই। দুপুর দেড়টা পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৫টি আসনে এগিয়ে জেডিইউ। বিজেপি এগিয়ে ১৩টি আসনে। চিরাগ পাসওয়ানের এলজেপি এগিয়ে রয়েছে ৫ আসনে। লালু প্রসাদের আরজেডি এগিয়ে মাত্র ৩ আসনে। সিপিআইএম(এল) এগিয়ে ২ আসনে, কংগ্রেস ১ আসনে এগিয়ে।