Calcutta High Court: ভোট গণনার আগের দিনই অস্থায়ী কর্মীদের নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট – Bengali News | Calcutta High Court: No temporary workers should not be placed on the counting center tables order by Calcutta High Court
কলকাতা: মঙ্গলবার নির্বাচনের ফল ঘোষণা। আর তার আগেই বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গণনা কেন্দ্রের টেবিলে রাখা যাবে না কোনও অস্থায়ী কর্মী। নির্দেশ আদালতের। হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর দায়ের করা মামলায় এই নির্দেশ দিয়েছে বিচারপতি অমৃতা সিনহার অবকাশকালীন বেঞ্চ।
প্রসঙ্গত, অস্থায়ী চুক্তি ভিত্তিক কর্মীদের ভোট গণনার কাজে যুক্ত করার নির্বাচন কমিশনের প্রবণতাকে চ্যালেঞ্জ করে রথীন চক্রবর্তী মামলা করেছিলেন। এই মামলায় সব সরকারি কর্মীদের নিয়োগ করার পাশাপাশি বেআইনিভাবে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। সেই মামলাতেই বিচারপতি অমৃতা সিনহার অবকাশকালীন বেঞ্চ এই নির্দেশ দেয়।
শুনানি চলাকালীন নির্বাচন কমিশনের আইনজীবী সওয়াল করেন, প্রথম,দ্বিতীয় ও তৃতীয় পোলিং অফিসারদের মধ্যে কোনও চুক্তি ভিত্তিক কর্মী নেওয়া হয়নি। মামলায় কোনও প্রমাণ দেখানো হয়নি যেখানে এমন কর্মী নেওয়া হয়েছে। পাল্টা মামলাকারীর আইনজীবীর সওয়াল, ডিসিআরসি-র পুরো দায়িত্ব দেওয়া হয়েছে অস্থায়ী কর্মীদের। DCRC গুরুত্বপূর্ণ জায়গা। হাওড়া ও বালি পুরসভার চুক্তি ভিত্তিক কর্মীদের নিয়োগ করা হয়েছে। কমিশনের আইনজীবী বলেন, গণনা টেবিলে একজনও অস্থায়ী কর্মী থাকবেন না।
এরপর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, নির্বাচন কমিশনের গাইড লাইন মেনে ভোটে কর্মী নিয়োগ করতে হবে। গাইড লাইন অনুযায়ী যে সব জায়গায় অস্থায়ী কর্মীদের কাজে লাগানো হবে,সেখান থেকে তাঁরা যাতে ভোট গণনা টেবিলের কাছে না যেতে পারেন নিশ্চিত করতে হবে।