TMC Leader Shot dead: নিজের ফ্ল্যাটেই গুলিবিদ্ধ মুর্শিদাবাদের তৃণমূল নেতা – Bengali News | TMC leader of Murshidabad shot dead by miscreants in his home
বহরমপুর: নিজের ফ্ল্যাটেই গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা। রবিবার দুপুরে দুষ্কৃতীরা এসে ওই তৃণমূল নেতাকে গুলি করেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর লাগোয়া চালতিয়া এলাকায়। গুলিবিদ্ধ হওয়ার পর আহত তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয়েছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই ওই তৃণমূল নেতার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে মৃত মুর্শিদাবাদের ওই তৃণমূল নেতার নাম সত্যেন চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চালতিয়া এলাকায় সত্যেনের ফ্ল্যাটে তিন জন দুষ্কৃতী বাইক নিয়ে এসেছিল। তাঁরা গুলি করে বাইক নিয়ে পালিয়ে গিয়েছে। যদিও দুষ্কৃতীদের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কিন্তু এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে ওই এলাকায়। চালতিয়া এলাকায় রীতিমতো ভয়ের পরিবেশ তৈরি হয়েছে।
মৃত তৃণমূল নেতার দেহের ময়নাতদন্তের করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ। পরিচিতদের হাতেই ওই তৃণমূল নেতা খুন হলেন, না বিরোধী দলের দুষ্কৃতীরা তাঁকে খুন করলেন সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি।
(বিস্তারিত আসছে)