HD Deve Gowda: দেশে না ফিরলে…, ধর্ষণে অভিযুক্ত নাতিকে কড়া বার্তা প্রাক্তন প্রধানমন্ত্রীর – Bengali News | HD Deve Gowda warns Prajwal Revanna, asks him to return and face legal proceedings
নাতিকে সতর্ক করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়াImage Credit source: PTI
বেঙ্গালুরু: একের পর এক মহিলাকে যৌন নিগ্রহ করা এবং সেই অপকর্মের ভিডিয়ো রেকর্ড করার অভিযোগ উঠেছে কর্নাটকের হাসান কেন্দ্রের সাংসদ তথা জেডি(এস) নেতা প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে। হাসানে ভোটগ্রহণের পরই কূটনৈতিক পাসপোর্ট দেখিয়ে জার্মানিতে পালিয়ে গিয়েছেন প্রজ্বল। তারপর থেকে আর দেশে ফেরার নাম করছেন না তিনি। এই অবস্থায় বৃহস্পতিবার (২৩ মে), প্রজ্বলকে ভারতে ফিরে এসে অশ্লীল ভিডিয়ো মামলায় আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার নির্দেশ দিলেন জেডিএস নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া।
প্রজ্বলের এই কুকীর্তি ফাঁস হওয়ার পর থেকে দীর্ঘদিন মুখ খোলেননি প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া। সম্পর্কে তিনি প্রজ্বলের ঠাকুর্দা। এদিন এক খোলা চিঠিতে দেবগৌড়া লিখেছেন, “এই মুহূর্তে, আমি শুধুমাত্র একটা কাজই করতে পারি। আমি প্রজ্বলের উদ্দেশ্যে একটি কড়া সতর্কতা জারি করতে পারি এবং সে যেখানেই থাকুক, তাকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলতে পারি। তার উচিত নিজেকে আইনের আওতায় নিয়ে আসা। এটি কোনও আবেদন নয়। এটা একটা সতর্কবার্তা। এই সতর্কবার্তা না মানলে, তাকে আমার এবং তার পরিবারের সকলের ক্রোধের সম্মুখীন হতে হবে। আমাকে তাকে অবিলম্বে ফিরে আসতে বলছি। তার বিরুদ্ধে তদন্তে আমার বা আমার পরিবারের সদস্যদের কাছ থেকে কোনও হস্তক্ষেপ করা হবে না, এই বিষয়টা আমি নিশ্চিত করব।”
এর আগে, কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রজ্বল রেভান্নার কাকা, এইচডি কুমারস্বামীও প্রজ্বলকে দেশে ফিরে এসে তদন্তে সহায়তা করার নির্দেশ দিয়েছিলেন। ভাইপোর উদ্দেশ্যে কুমারস্বামী বলেছিলেন, “ভারতে ফিরে এসে তদন্তে সহযোগিতা কর। আর কতদিন ধরে এই চোর-পুলিশ খেলা চলবে? আমি তাকে খোলাখুলি বলছি, যদি দল, দলের কর্মী এবং দেবগৌড়া পরিবারের প্রতি তার মনে কোনও সম্মান থাকে, তাহলে তুমি যেখানে আছেন সেখান থেকে ফিরে আস। যদি সে কোনও অন্যায় না করে থাকে, তবে তা সে প্রমাণ করতে পারে। যদি সে অন্যায় করে থাকে, তাহলে তাকে অবশ্যই শাস্তির পেতে হবে।”
বুধবার, প্রজ্বল রেভান্নার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার অনুরোধ জানিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। রেভান্নার ভারতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে, এই বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানান তিনি। এদিকে, প্রজ্বল রেভান্নার এখন কোথায়, তা জানতে ইন্টারপোলের পক্ষ থেকে ‘ব্লু কর্নার নোটিস’ জারি করা হয়েছে। কর্নাটক সরকারের বিশেষ তদন্তকারী দল, সিবিআই-এর মাধ্যমে ইন্টারপোলকে এই অনুরোধ করেছিল। এমপি-এমএলএ বিশেষ আদালতও প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।