Rinku Singh: সময় খারাপ তো তাঁদের হয়, যাঁদের… রিঙ্কু সিংয়ের মুখে এ কথা কেন? – Bengali News | Time kharab uska hota hai jiske, KKR star Rinku Singh open up after T20 World Cup 2024 snub
কলকাতা: কেকেআর আর কিছুক্ষণ পর আমেদাবাদে নামবে আইপিএলের (IPL) প্রথম কোয়ালিফায়ারে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্যাচের আগে হঠাৎ রিঙ্কু সিংয়ের মুখে সময় খারাপ যাওয়া প্রসঙ্গে কথা। এ বারের আইপিএলে সেই অর্থে রিঙ্কু সিং (Rinku Singh) ছাপ রাখতে পারেননি। কিন্তু তাঁকে সকল কেকেআর অনুরাগী ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। তবে কোথাও না কোথাও রিঙ্কুর মনে ঘুরপাক খায় বিশ্বকাপ (T20 World Cup 2024) টিমে সুযোগ না পাওয়ার বিষয়। নাইট তারকা কি তার জন্যই এমন কথা বললেন?
আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় টিমের সঙ্গে রিজার্ভ প্লেয়ার হিসেবে সফর করবেন রিঙ্কু সিং। আইপিএলের ওয়েবসাইটে রিঙ্কু সিং তাঁর বিশ্বকাপ স্বপ্ন নিয়ে বলেন, ‘যখন থেকে আমি ক্রিকেট খেলা শুরু করেছি জুনিয়র স্তরে কয়েকটা ট্রফি জিতেছি। কিন্তু সিনিয়র স্তরে জিতিনি। আমি বিশ্বকাপে যাচ্ছি। আমি বিশ্বকাপ ট্রফিটা হাতে তুলতে চাই। আমি আশা করি আমরা জিতব। আমার স্বপ্ন দেশের হয়ে বড় ট্রফি জেতা এবং তা নিজের হাতে তোলা।’
বিশ্বকাপের মূল টিমে সুযোগ পাননি বলে স্বাভাবিকভাবেই মন খারাপ রিঙ্কু সিংয়ের। টিম ঘোষণার পর তাঁর মাকে সে কথা বলেছিলেন তিনি। অবশ্য রিঙ্কু নিজের সময় খারাপ যাচ্ছে বলে মনে করেন না। তিনি বলেন, ‘সময় খারাপ তো তাঁদের হয়, যাঁদের হাত-পা থাকে না। আমার তো আছে। আমার সময় খারাপ যাচ্ছে না।’
কেকেআরের হয়ে রিঙ্কু যে পরিচিতি তৈরি করেছেন, তাঁর জন্য গর্বিত তিনি। তাঁর কথায়, ‘আমি সব সময় ভাবতাম যে আমি আরও খেলতে পারব কিনা। আমি নিজেকে বরাবর বলতাম যে পরের ম্যাচে ভালো পারফর্ম করব। ওই পাঁচ ছক্কার পর আমার জীবন বদলে গিয়েছে। বিজ্ঞাপন পাওয়া শুরু হয় তারপর। মানুষ আমাকে চিনতে শুরু করে। এখন আমি আর একা বেরোতে পারি না। যখন দেখি লোকে আমার নাম ধরে চিৎকার করছে তখন মনে হয় জীবনে আমি কিছু তো করেছি।’
ফিনিশারের ভূমিকায় রিঙ্কু সিং নিজেকে প্রমাণ করেছেন। মিডল অর্ডারে নামার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই নম্বরে (মিডল অর্ডারে, পাঁচ ও ছয় নম্বরে) খেলছি, আমি জানি কী ওই পজিশনে নেমে কী করতে হবে। আপনি যত বেশি নিজেকে শান্ত রাখবেন, তত ভালো পারফর্ম করতে পারবেন।’