Kolkata Airport: বিমানে উঠতে না উঠতেই কাণ্ড, অ্যারোব্রিজ থেকেই ঘুরে নামতে হল যাত্রীদের – Bengali News | Kolkata Airport Delhi bound Passengers face problem due to some issues in the flight
কলকাতা বিমান বন্দর। ফাইল চিত্র।
কলকাতা: বিমানে উঠেও শেষ পর্যন্ত যাত্রা সম্পূর্ণ হল না। সম্পূর্ণ কী! যাত্রা শুরুই হল না। অ্যারোব্রিজ থেকে বিমানে উঠে, আবার ৯১ জন যাত্রীকে সেই পথেই ফিরে আসতে হল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রে খবর, আজ সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ ভিস্তারার একটি বিমান দিল্লির উদ্দেশে উড়ানের কথা ছিল। সেই মতো বিমান বন্দরে চেক ইন করে অ্যারোব্রিজ ধরে একে একে বিমানে উঠতে শুরু করেন যাত্রীরা। ৯১ জন বিমানযাত্রী উঠে পড়েছিলেন ভিস্তারার বিমানে।
কিন্তু যাত্রীদের কপালে দুর্ভোগ ছিল আজ। ফলে বিমানে ওঠার পরও উড়ান সম্ভব হল না। জানানো হয়, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। সেই কারণে যাত্রীদের বিমান থেকে নামিয়ে আবার বোর্ডিং গেট নম্বর ২৫ দিয়ে ফিরিয়ে আনা হয় বিমানবন্দরের অ্যারাইভাল হলে। বিমান যাত্রায় এই বিঘ্নের কারণে যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা যায়। বিমানে ওঠার পরও আবার বিমান থেকে নামিয়ে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দিল্লিযাত্রার উদ্দেশে আসা বিমানযাত্রীরা।
একরাশ বিরক্তি নিয়ে তাঁরা যোগাযোগ করেন সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের আধিকারিকদের সঙ্গে। জানতে চান কারণ। বিমান বন্দর সূত্রে খবর, সেই সময় যাত্রীদের বলা হয়, বিমানের যান্ত্রিক গোলযোগের কথা। তাঁদের আরও জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি এখন উড়তে পারবে না। যান্ত্রিক মেরামতির পরই সেই বিমান আকাশপথে পাড়ি দিতে পারবে। যদিও পরবর্তীতে দীর্ঘক্ষণ বসে থাকার পর কিছু যাত্রী অন্য বিমানে চেপে দিল্লির উদ্দেশে রওনা দেন। আরও পরে বিকেল ৪টে ২৬ মিনিট নাগাদ ওই বিমানটি যান্ত্রিক ত্রুটি মেরামত করে আবার দিল্লির উদ্দেশে পাড়ি দেয়।