Billboard Collapse: ঝড় উঠতেই ভয়াবহ ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে ৮ – Bengali News | Billboard broke down at Mumbai due to storm, death toll reached 8
মুম্বই: মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে মুম্বইতে। বৃষ্টি শুরু হওয়ার আগে শুরু হয়েছিল প্রবল ধুলোর ঝড়। আর সেই ঝড়েই মৃতের সংখ্যা বেড়ে হল আট। আহত হয়েছেন ৫০ জনের বেশি। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কার করা হচ্ছে। প্রবল হাওয়ার ধাক্কায় একটি বড়সড় বিল বোর্ড পড়ে যায়, আর তাতে চাপা পড়েই তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে মুম্বইয়ের ঘাটকপারে ঘটেছে ঘটনাটি। বেশ কয়েকজন আটকে পড়েন এই ভয়াবহ দুর্ঘটনায়। একটি পেট্রোল পাম্পের উল্টোদিকে ওই বিল বোর্ড খসে পড়ে ধুলো ঝড়ে।
জানা গিয়েছে, ওই বিল বোর্ডের যে ধাতব অংশটি ছিল, সেটা পড়ে যাওয়াতেই বিপত্তি ঘটে। সেই সময় ওই পাম্পে একাধিক গাড়ি দাঁড়িয়েছিল। সেগুলির ছাদ ভেঙে যায় বিল বোর্ড পড়ে যাওয়ায়।
পুলিশ জানিয়েছে, এনডিআরএফ ঘটনাস্থলে যায়। বোর্ডের ফ্রেম সরিয়ে উদ্ধার করার চেষ্টা করার আহতদের। এই ঘটনা কীভাবে ঘটল, তার তদন্ত হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। সোমবার বিকেলে আচমকাই প্রবল বেগে ঝোড়ো হাওয়ায় বইতে শুরু করে, তারপরই বিপর্যয়ের সূত্রপাত।
একাধিক জায়গায় গাছ পড়ে গিয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে জায়গায় জায়গায়। অন্ধকারে ডুবে গিয়েছে শহরের একাংশ। লোকাল ট্রেন, মেট্রো পরিষেবায় বড় প্রভাব পড়েছে। বিমানবন্দরেও পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সাময়িকভাবে। মুম্বই এয়ারপোর্টের তরফে জানানো হয়েছে, প্রায় ৬৬ মিনিট কোনও বিমান ওড়েনি। বিকেল ৫ টার পর ফের পরিষেবা চালু হয়। এদিকে, আবারও ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।