Dhupguri: মাঝরাতে গ্রামে ঢুকল গাড়ি, ঘরে ঢুকে ছেলেগুলো যা করল… সিসিটিভি ফুটেজ দেখে শোরগোল গ্রামে – Bengali News | Goat theft at village caught on cctv camera dhupguri
সিসিটিভি ফুটেজে গাড়িটি দেখা যায়। Image Credit source: TV9 Bangla
ধূপগুড়ি: চার চাকার গাড়ি নিয়ে আচমকাই বাড়ির সামনে এসে দাঁড়াল। গাড়ি থেকে নামল দুই যুবক। সোজা ঘরের ভিতর ঢুকে গেল। তারপরই ঘর থেকে বের করে আনল ছাগল। গাড়ি করে এসে এমন ছাগল চুরি করে পালানোর ঘটনা ঘিরে সোমবার হইচই ফেলে দিয়েছে ধূপগুড়ির দক্ষিণ আলতা গ্রামে। রবিবার রাতে দক্ষিণা আলতা গ্রাম এলাকায় ৫টি বাড়িতে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ১১টি ছাগল চুরির ঘটনা ঘটেছে। ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরাও পড়েছে সেই ঘটনা।
ছাগল হারিয়ে দিশাহারা গ্রামেরই বাসিন্দা মমতা রায়। জানান, সন্দেহ করছেন কয়েকজনকে। তবে এখনই মুখ খুলবেন না। পুলিশ কী করে আগে সেটা দেখবেন। মমতা রায় বলেন, “ভোর ৩টের সময় টের পেয়েছি যে ছাগল আমাদের ঘরে নেই। কখন যে নিয়েছে সেটা তো বুঝতে পারলাম না। ২টো থেকে আড়াইটের মধ্যে নিয়ে গিয়েছে বলে মনে হয়। আমার চারটে ছাগল ছিল তার মধ্যে একটা রেখে তিনটে নিয়ে চলে গিয়েছে। তিনটেই খাসি ছিল। ১৫-২০ হাজার টাকা দাম। প্রতিটা পাড়াতেই এই ঘটনা ঘটছে। পুলিশ তার জন্য কী ব্য়বস্থা করছে সেটা আমরা দেখব।”
এলাকারই এক বাড়িতে সিসিক্যামেরা বসানো। সেখানেই ধরা পড়েছে রবিবার মাঝরাতের ছবি। একটি গাড়ি গ্রামের ভিতর ঢোকে। যে যুবকরা গাড়ি থেকে নামেন, হাতে টর্চ। গোয়ালঘরে ঢুকে টর্চও মারতে থাকে তারা। কিছুক্ষণ পরই গাড়িটি নিয়ে বেরিয়ে যায়।