Suicide: প্রেমিকার সঙ্গে দিঘা ঘুরতে এসেছিল বীরভূমের অরিন্দম, হোটেলে ঢুকতেই চোখ কপালে উঠল পুলিশের – Bengali News | Suicide of a young man in a hotel, the police speculated that it was a love affair problem
দিঘার সৈকতে শোরগোল Image Credit source: TV-9 Bangla
দিঘা: তীব্র দাবদহে পুড়ছে গোটা বাংলা। গরমের হাত থেকে রেহাই পেতে এখন অনেকেই ছুটছেন দিঘা-পুরী। সেই দিঘাতে এসেই মর্মান্তিক পরিণতি বীরভূমের যুগলের। আর ঘরে ফেরা হল না প্রেমিকের। সূত্রের খবর, বীরভূমের ময়ূরেশ্বর থানার মণ্ডলপুর এলাকা থেকে শুক্রবার এক তরুণীকে নিয়ে দিঘায় আসেন অরিন্দম নামে এক যুবক। ওল্ড দিঘার একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। কিন্তু, শনিবার সন্ধ্যায় আচমকা প্রেমে ছন্দপতন। হোটেল থেকে ফোন আসে দিঘা মোহনা থানায়।
হোটেলে গিয়ে পুলিশ দেখে ঘরে সিলিং ফ্যান ঝুলছেন অরিন্দম। গলায় গামছার ফাঁস। দ্রুত তাঁকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু, শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্যও পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেমিকার সঙ্গে ঝামেলার কারণেই এমনটা করে থাকতে পারেন ওই যুবক।
চিকিৎসাবাদ করা হচ্ছে তরুণীকেও। হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যদিও মৃত্যুর আসল কারণ নিয়ে রয়ে গিয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই বীরভূমে যুবকের বাড়িতে খবর দিয়েছে পুলিশ। খবর গিয়েছে তাঁর সঙ্গী তরুণীর বাড়িতেও। এদিকে এ ঘটনার খবর চাউর হতেই স্বভাবত চাঞ্চল্য ছড়িয়েছে দিঘায়। শোরগোল পড়ে গিয়েছে ঘুরতে আসা পর্যটকের মধ্যে। প্রসঙ্গত, সাম্প্রতিককালে দিঘায় একাধিক অপরাধের ঘটনা সামনে এসেছে। আত্মহত্যার ঘটনাও নতুন নয়। এরইমধ্যে এবার ফের এই খবরে শুরু হয়েছে নতুন চর্চা।