Bati Kumari Incident: ৩ বার পোশাক বদলে মনোনয়ন জমা, জয়ী নির্দল হয়ে – বাতি কুমারীর কাণ্ডে অবাক দেশ | Bati Kumari’s Triple Nomination Stuns Rajasthan Politics, Filed As Congress, BJP And Independent Candidate In Same Election
বাতি কুমারীImage Credit: X
কলকাতা: এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল রাজস্থানের রাজনীতি। একই নির্বাচনে কখনও কংগ্রেসের প্রার্থী, কখনও বিজেপির প্রার্থী, কখনও নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন এক মহিলা। শুধু তাই নয়, প্রতিবার আলাদা পোশাক পরে ও ভিন্ন পরিচয়ে মনোনয়ন জমা দিলেন মহিলা। শেষ পর্যন্ত অবশ্য নির্দল প্রার্থী হিসেবেই নির্বাচনে জয়লাভ করেন ওই মহিলা। ঘটনাটি রাজস্থানের একটি গ্রামের সাম্প্রতিক স্থানীয় নির্বাচেনর। ওই মহিলার নাম বাতি কুমারী। তাঁর তিনটি মনোনয়ন জমা দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা।
সূত্রের খবর, বাতি কুমারী নাম ওই মহিলা প্রথমে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। সেই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ওয়াজিব আলি। লাল রংয়ের শাড়ি পরে মনোনয়ন জমা দিতে এসেছিলেন তিনি। মুখও শাড়ির অঞ্চল দিয়ে ঢেকে রেখেছিলেন। সেই অবস্থাতেই মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন। কিন্তু এখানেই শেষ নয়, কয়েক মিনিটের মধ্যেই পোশাক পাল্টে সবুজ সালোয়ার-কামিজ পরে আবার হাজির হন তিনি। এবার? বিজেপি প্রার্থী হিসেবে জমা দিলেন মনোনয়ন। এই সময় তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক জওহর সিং বেধম। দ্বিতীয়বারও ওড়না দিয়ে মুখ বাঁধা ছিল তাঁর। এরপর তৃতীয়বারের জন্য আবার পোশাক বদল করেন ওই মহিলা। এবার হলুদ রংয়ের শাড়ি পরে নির্দল প্রার্থী হিসেবে জমা দেন মনোনয়ন। তবে তৃতীয়বার আর তাঁর মুখ ঢাকা ছিল না।
শেষ অবধি কী হল?
তিনটি আলাদা পরিচয়ে মনোনয়ন জমা দেওয়ার পর শেষ পর্যন্তই নির্দল প্রার্থী হিসেবে জয়ী হন বাতি কুমারী। নির্বাচনের ফলপ্রকাশের পর তাঁকে জয়ের শংসাপত্রও দেওয়া হয়। তাঁর শ্বশুর অর্জুন প্রধান আগে ব্রজনগর পঞ্চায়েত সমিতির প্রধান ছিলেন। এমনকি বিজেপির তরফেও বাতি কুমারীকে সমর্থন করা হয়েছিল। কিন্তু তিনি জিতলেন নির্দল প্রার্থী হিসেবে।
কেন ৩টি আলাদা মনোনয়ন?
জানা গিয়েছে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে লড়তে চাননি তিনি। কারণ, নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন না বাতি কুমারী। সেই কারণেই কংগ্রেস ও বিজেপির সঙ্গে নির্দল হয়েও মনোনয়ন জমা দেন তিনি। নির্বাচনের নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী একটি ওয়ার্ড বা নির্বাচনী কেন্দ্রের জন্য সর্বোচ্চ ৪টি মনোনয়নপত্র জমা দিতে পারেন। তবে একাধিক মনোনয়ন জমা দিলেও তাঁকে শেষ অবধি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী অথবা নির্দল প্রার্থী হয়েই ভোটে লড়তে হত। তাই শেষ পর্যন্ত নির্দল হয়েই লড়েন বাতি কুমারী। এবং তাঁর জয়ের কারণে এই ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ফেলে দিয়েছে গোটা দেশে ও সমাজমাধ্যমে।