ব্রেন টিউমারকে হারিয়ে অলিম্পিক্সের স্বপ্ন, স্ত্রীর জন্য জমি-বাড়ি বেচেছেন স্বামী
পার্থ দত্ত
দেশ–বিদেশের তারকা লং ডিস্ট্যান্ট রানারদের পাশে বেশ ম্লান লাগলেও শ্যামলী সিংয়ের গলায় প্রতিজ্ঞাপূরণের চ্যালেঞ্জ।
শুক্রবার কলকাতার মিলনমেলা প্রাঙ্গনে ‘জয় বালাজি গ্রুপ’ মিডিয়ার সামনে হাজির করেছিল কেনিয়ার রাতিচ জন, এলিজ়া কিরওয়া, কিপেইগোদের সঙ্গে ভারতের কুলবীর সিং, ভাগীরথী, সোনমদের একঝাঁক রানারকে। তাঁদের সঙ্গে ছিলেন বঙ্গসন্তান রানিগঞ্জের শ্যামলীও।
‘চলো দৌড়াই।’ এই ট্যাগলাইনে কাল রবিবার কলকাতায় প্রথমবার ৪২.১৯২ কিলোমিটারের জেবিজি ম্যারাথন। অংশ নিচ্ছেন প্রায় ১৫ হাজার রানার। ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হাজির হয়েছেন ভারতের দ্রুততম মানব গুরিন্দরবীর সিংও।
রানারদের মধ্যে শ্যামলী অবশ্যই ব্যতিক্রম। ২০২১ সালে ব্রেন টিউমার অপারেশনের পরেও শ্যামলী শুধু একের পর এক ম্যারাথনে নেমে শুধু পদকই জিতছেন না, চেষ্টা চালাচ্ছেন ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের যোগ্যতা পাওয়ারও।
শ্যামলীর কোচ তাঁর স্বামী সন্তোষই। শ্যামলীর কথায়, ‘আমার স্বপ্নপূরণে আমার স্বামীর লড়াই অবিশ্বাস্য। তাই তার মর্যাদার দাম দিতেই অলিম্পিক্সের টিকিট পেতে হবে।’ কী করছেন সন্তোষ? সামান্য গাড়ির ব্যবসায়ী সন্তোষ স্ত্রীকে ট্র্যাকে সফল দেখতে নিজের গাড়ি–বাড়ি বেচে দিয়েছেন। থাকেন ভাড়াবাড়িতে।
শুক্রবার সন্তোষ ‘এই সময়’কে বলছিলেন, ‘২০২০ সালে ম্যারাথনে দৌড়তে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিল শ্যামলী। ভুলভাল চিকিৎসায় অনেক অর্থের অপচয় হয়। পরে জানা যায়, ওর ব্রেন টিউমার। ওকে চেন্নাইয়ে নিয়ে গিয়ে প্রায় ১৫ লক্ষ টাকা খরচ করে সুস্থ করি।’ যোগ করেন, ‘বাংলার হয়ে শ্যামলীর প্রচুর সাফল্য থাকলেও কেউ ওকে কোনও সাহায্য করেনি। আমি এলাকার বিধায়ক থেকে মন্ত্রী, সবার দরজায় ঘুরেও কোনও সাহায্য পাইনি। কিন্তু তাতে থামিনি।’ জানুয়ারিতেই নিজেদের একমাত্র সম্বল একটা জমি আছে। সেটাও বেচবেন সন্তোষ। তাঁর কথায়, ‘জমি বেচে যা টাকা পাব, তাতে শ্যামলীকে কেনিয়ায় নিয়ে গিয়ে ট্রেনিং করাব। আগে কেনিয়ায় গিয়ে ও দারুণ উন্নতি করেছিল। কিন্তু ব্রেন টিউমার অপারেশনের পরে ও কিছুটা পিছিয়ে গিয়েছে। তাই ফের ওকে নিয়ে কেনিয়া যেতে হবে স্বপ্নপূরণের লক্ষ্যে।’
স্ত্রীর স্বপ্নের ছোঁয়া যেন সন্তোষের চোখেও।