তাজমহল ঘুরে দেখার আবদারে হ্যাঁ কেন্দ্রের, তবু আগ্রা গেলেন না পাক মন্ত্রী, শেষ মুহূর্তে কেন বাতিল সফর?
তিন বছর পরে ভারতে এসেছেন পাকিস্তানের কোনও কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর ইচ্ছা ছিল আগ্রার তাজমহল ঘুরে দেখার। সেই মতো অনুমতিও দিয়েছিল ভারত সরকার। কিন্তু শেষ পর্যন্ত সামনাসামনি তাজমহল দেখা আর ভাগ্যে জুটল না পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদ্দিক মালিকের। আগ্রা সফরের অনুমতি মিললেও সেখানে গেলেন না তিনি। প্রসঙ্গত, দিল্লির হজরত নিজামুদ্দিন দরগায় যাওয়ার কথা বললেও মুসাদ্দিকের সেই আবেদন আগেই খারিজ করে দিয়েছিল ভারত। এই ঘটনাকে ঘিরে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে চর্চা শুরু হয়েছে।
গত ২০ থেকে ২২ নভেম্বর দিল্লির ‘পুরানা কেল্লা’-এ আয়োজিত প্রথম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরামে যোগ দিতে ভারতে এসেছেন মুসাদ্দিক মালিক। ২০২৩ সালে গোয়ায় এসেছিলেন তৎকালীন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। তার পরে এই প্রথম পাকিস্তানের কোনও কেন্দ্রীয় মন্ত্রী এসেছেন ভারত সফরে। ‘অপারেশন সিঁদুর’-এর পর কোনও পাক নেতার এটাই প্রথম ভারত সফর।
তাজমহলে যাওয়ার অনুমতি, দরগায় নয়
ভারত সরকারের কাছে তাজমহল, হুমায়ুনের সমাধি, দিল্লি হাট, কিলা রাই পিথোরা এবং হজরত নিজামুদ্দিন দরগা ঘুরে দেখার অনুমতি চেয়েছিল পাক হাইকমিশন। নিরাপত্তা সংস্থাগুলির মূল্যায়নের পর তাজমহল-সহ চারটি জায়গায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি মেলেনি। নিরাপত্তা ও প্রশাসনিক কারণেই ওই আবেদন খারিজ করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর।
প্রাথমিক ভাবে মুসাদ্দিকের আগ্রা যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি সেখানে যাননি। কেন সফর বাতিল হলো, সে বিষয়ে নির্দিষ্ট কোনও সরকারি কারণ সামনে আসেনি। তাঁর সফরসূচির পরিবর্তন নাকি সময়ের অভাব, তা নিয়েও স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। নাকি দরগায় যাওয়ার আবেদনে সাড়া না মেলায় রুষ্ট পাক মন্ত্রী তাও জানা যায়নি।
সম্পর্ক উন্নতির আশায় পাক মন্ত্রী
দিল্লিতে SCO সম্মেলনের ফাঁকে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও কথা বলেছেন মুসাদ্দিক। তাঁর বক্তব্য, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্যোগে পাকিস্তান পূর্ণ সহযোগিতা করবে। দুই দেশের মধ্যে ভবিষ্যতেও যাতায়াত ও যোগাযোগ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, সংস্কৃতি ও সভ্যতার কোনও সীমান্ত নেই। এই ধরনের আন্তর্জাতিক মঞ্চ পারস্পরিক বোঝাপড়া বাড়াতে সাহায্য করতে পারে।
তবে দুই দেশের সম্পর্কের বরফ এখনও মেলেনি। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটে। এর পরেই অপারেশন সিঁদুর চালায় ভারত। একই সঙ্গে স্থগিত করা হয় সিন্ধু জলচুক্তি। মুসাদ্দিক এর আগে জলচুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন।
বিতর্কে কেন্দ্রের সিদ্ধান্ত
পাকিস্তানের মন্ত্রীকে SCO সম্মেলনে আমন্ত্রণ জানানো নিয়েও দেশে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীদের প্রশ্ন, পহেলগাম হামলার পরে পাকিস্তানের প্রতি ভারতের অবস্থানে কী পরিবর্তন এসেছে যে তাদের মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো? অন্য দিকে, কেন্দ্রের বক্তব্য, SCO-র সদস্য দেশ হিসেবে পাকিস্তানকেও নিয়ম মেনেই আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত SCO-র পূর্ণ সদস্য ভারত ও পাকিস্তান দু’দেশই ২০১৭ সালে হয়। ফলে বহুপাক্ষিক সংগঠনের সদস্য হিসেবে সম্মেলনে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে একটি কূটনৈতিক প্রেক্ষাপটও তৈরি করেছে।