Moushumi Chatterjee: কেরিয়ারে একটা ছবি করেই থেমেছেন মৌসুমীর মেয়ে, চেনেন মেঘা মুখোপাধ্যায়কে? | Moushumi chatterjee daughter megha mukherjee why she left acting after one film - 24 Ghanta Bangla News
Home

Moushumi Chatterjee: কেরিয়ারে একটা ছবি করেই থেমেছেন মৌসুমীর মেয়ে, চেনেন মেঘা মুখোপাধ্যায়কে? | Moushumi chatterjee daughter megha mukherjee why she left acting after one film

Spread the love

ঠাকুরদা কিংবদন্তি সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, আর মা বাংলা ও হিন্দি সিনেমার চিরসবুজ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। এমন সমৃদ্ধ ও তারকাখচিত পারিবারিক উত্তরাধিকার সত্ত্বেও রুপোলি পর্দার জৌলুস থেকে নিজেকে বরাবর দূরে সরিয়ে রেখেছেন মৌসুমীর ছোট মেয়ে মেঘা মুখোপাধ্যায়। মায়ের পদাঙ্ক অনুসরণ করে খ্যাতনামা পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে ‘ভালোবাসার অনেক নাম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু প্রথম ছবির পরই অভিনয় জগত থেকে আচমকা বিরতি নেন তিনি। কেন আর লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় দেখা গেল না তাঁকে? মুম্বইয়ে কী নিয়ে ব্যস্ত থাকেন তিনি?

কয়েক বছর আগে নতুন ছবি ‘আড়ি’-র প্রচারের কাজে কলকাতায় এসেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। আর সেই সফরে মায়ের সর্বক্ষণের ছায়াসঙ্গী হয়ে ছিলেন ছোট মেয়ে মেঘা। দীর্ঘ ১৯ বছর আগে ‘ভালবাসার অনেক নাম’ ছবিতে দর্শক তাঁকে প্রথম দেখেছিলেন। সময়ের সঙ্গে চেহারায় কিছুটা পরিবর্তন এলেও, তাঁর মুখের সেই চিরচেনা মিষ্টত্ব এবং স্নিগ্ধতা আজও অমলিন।

মাত্র একটি ছবি করার পর কেন আর অভিনয়কে পেশা হিসেবে বেছে নিলেন না তিনি? এক সাক্ষাৎকারে মেঘা জানিয়ে ছিলেন, অভিনয়ের প্রতি তাঁর অনীহা নেই, তবে মনের মতো কাজ না পেলে তিনি রাজি নন। তাঁর কথায়, “তরুণজেঠুর (তরুণ মজুমদার) সঙ্গে যে মানের কাজ নিয়ে আলোচনা হয়েছিল, তেমন শক্তিশালী ও ভালো চিত্রনাট্য পেলে ভবিষ্যতে অবশ্যই অভিনয় করব।”

গ্ল্যামার দুনিয়ার আড়ালে মুম্বইয়ে নিজের মতো করে এক ব্যস্ত জীবন গড়ে তুলেছেন মেঘা। তাঁর দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে তাঁর পোষ্যরা। ওদের দেখভাল ও খাওয়াদাওয়ার সমস্ত দায়িত্ব তিনি নিজেই সামলান। এর পাশাপাশি কর্পোরেট ও বিনোদন জগতের নেপথ্যেও বহু কাজ করেছেন তিনি।

নিজের কর্মজীবন প্রসঙ্গে মেঘা বলেন, “মুম্বইয়ে আমি অনেক ধরনের পেশার সঙ্গে যুক্ত থেকেছি। কখনও সেলিব্রিটি জনসংযোগ আধিকারিক (PR), কখনও ট্যালেন্ট ম্যানেজার, আবার কখনও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজও সামলেছি। সবচেয়ে বড় কথা, কাজের জায়গায় কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি আমি কার মেয়ে!” নিজের পারিবারিক পরিচয় ভাঙিয়ে কোনও সুবিধা নিতে চাননি তিনি।

দিদি পায়েলের অকাল প্রয়াণের পর পরিবারে এক গভীর শূন্যতা তৈরি হয়েছে। সেই কঠিন সময়ের পর থেকে মা মৌসুমী ও বাবা জয়ন্ত মুখোপাধ্যায়ের দেখভালের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন মেঘা। আপাতত পরিবারকে সময় দেওয়াই তাঁর জীবনের একমাত্র অগ্রাধিকার। তাই এই মুহূর্তে বড় পর্দায় ফেরার কোনও তাড়াহুড়ো বা পরিকল্পনা নেই হেমন্ত-নাতনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *