IndiGo Employee Varsha Turkar Found Dead, Friend Detained - 24 Ghanta Bangla News
Home

IndiGo Employee Varsha Turkar Found Dead, Friend Detained

Spread the love

দিওয়ালির ছুটিতে আড়াই বছরের মেয়েকে নিয়ে বাপের বাড়িতে এসেছিলেন। উৎসবের দিনগুলো পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা ছিল ৩৫ বছরের বর্ষা তুরকরের। কিন্তু সেই আনন্দের সফরই শেষ হলো মর্মান্তিক পরিণতিতে। শনিবার বিকেলে এক বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। তার কয়েক ঘণ্টা পরেই বাড়িতে ফোন করে বন্ধু জানান, মুখোশধারী দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা করেছে। লুটপাট চালানো হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে পরিবারের লোকেরা দেখলেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বর্ষা। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মহারাষ্ট্রের গন্ডিয়া জেলার জঙ্গলে ইন্ডিগো কর্মীর রহস্যমৃত্যুতে ঘিরে দানা বেঁধেছে খুনের তত্ত্ব। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ইতিমধ্যেই বর্ষার সঙ্গে থাকা বন্ধু নীতেশ আগরওয়ালকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্ষা পুনে বিমানবন্দরে IndiGo-র টিকিট কাউন্টারে কাজ করতেন। দিওয়ালি উপলক্ষে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় বাপের বাড়িতে গিয়েছিলেন তিনি। ২০২৪ সালে বিয়ে হয়েছিল তাঁর। স্বামী বর্তমানে ইন্দোরে থাকেন। আড়াই বছরের মেয়েকে নিয়েই পরিবারের সঙ্গে উৎসব কাটাতে এসেছিলেন বর্ষা।

গত ১৪ নভেম্বর, শনিবার বিকেল ৪টে নাগাদ পরিচিত নীতেশ আগরওয়ালের সঙ্গে বাড়ি থেকে বেরোন বর্ষা। দু’জনে ওয়েনগঙ্গা নদীর ধারে বেড়াতে যান। জায়গাটি মহারাষ্ট্রের গন্ডিয়া জেলার বন্ডরানি জঙ্গলের কাছে, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের সীমানা এলাকায়।

এর পরেই বদলে যায় পরিস্থিতি। কয়েক ঘণ্টা পর বর্ষার পরিবারকে ফোন করেন নীতেশ। তাঁর দাবি, মুখোশ পরা কয়েক জন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালিয়েছে। লুটপাটও করেছে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছন। বর্ষাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খাইরলাঞ্জির একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বন্ধুর বয়ানে অসঙ্গতি, সন্দেহ পুলিশের

নীতেশের দাবি, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁদের দু’জনের উপর হামলা চালিয়েছিল। কিন্তু তাঁর এই বয়ান নিয়েই সন্দেহ তৈরি হয়েছে তদন্তকারীদের। পুলিশের নজরে এসেছে, বর্ষার উপর হামলার কথা বললেও নীতেশের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তাঁর বক্তব্যেও একাধিক অসঙ্গতি মিলেছে বলে খবর। তার পরেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো অস্ত্রের আঘাতেই মৃত্যু হয়েছে বর্ষার। তবে হামলার নেপথ্যে ডাকাতি, ব্যক্তিগত শত্রুতা, না কি অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। দাওয়ানিওয়াড়া থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। নীতেশের বিরুদ্ধে এখনও অপরাধ প্রমাণিত হয়নি। তাঁর বয়ান ও ঘটনাস্থলের তথ্য মিলিয়ে মৃত্যুরহস্যের কিনারা করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *