Tamluk: উঠল ‘সাসপেনশন’, ভোটের মুখে তৃণমূল ফেরাল ৮ নেতা-কর্মীকে – Bengali News | Withdraw suspension eight Trinamool leaders returned to party work at tamluk
সাংবাদিক সম্মেলনে সৌমেন মহাপাত্র, দেবাংশু ভট্টাচার্য। Image Credit source: TV9 Bangla
তমলুক: ২০২৪-এর লোকসভা ভোটে তমলুক কেন্দ্রটি নিয়ে বেশ টানটান লড়াই চলছে। তৃণমূলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য, সিপিএমেরও তরুণ মুখ সায়ন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জোর টক্কর ভোটময়দানে। এই ভোটের আবহে এবার সাসপেনশন তুলে বেশ কয়েকজনকে দলে ফেরাল তৃণমূল। রবিবার তমলুকের মানিকতলায় সাংবাদিক সম্মেলন করেন তমলুক সাংগঠনিক জেলার নির্বাচন পরিচালন কমিটির চেয়ারম্যান সৌমেনকুমার মহাপাত্র, ছিলেন দেবাংশুও। সেখানেই জানানো হয় তমলুক সাংগঠনিক জেলার মোট ৮ জনের সাসপেনশন তুলে নিল দল।
পঞ্চায়েত ভোটের সময় বেশ কিছু তৃণমূল নেতা কর্মী দলের নির্দেশ অমান্য করে কাজ করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। দলের নির্দেশ না মানায় রাজ্য কমিটির নির্দেশে তমলুক সাংগঠনিক জেলার বেশকিছু নেতা কর্মীকে দল থেকে সাময়িক সময়ের জন্য সাসপেন্ড করা হয়। লোকসভা নির্বাচনের আবহে রাজ্য কমিটির নির্দেশে ফেরানো হল তাঁদেরই। রাজ্য কমিটির নির্দেশে আটজনকে নির্বাচন কমিটির মধ্যে রেখে কাজ করার সুযোগ দেওয়ার কথা ঘোষণা করা হয় এদিনের সাংবাদিক বৈঠকে।
এই খবরটিও পড়ুন
অন্যদিকে এদিন মহিষাদলের একটি জনসভা থেকে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়তে শোনা যায়, প্রয়োজনে তিনি চন্দ্রবোড়া হতে পারেন। অন্যায় করছে কারও রক্ষা নেই। একইসঙ্গে তিনি নাম না করে বলেন, এখানে তৃণমূল যে ‘বাচ্চা ছেলে’কে প্রার্থী করেছে, তিনি যোগ্য হয়ে উঠুন তার পর তাঁর কথার জবাব দেবেন। দেবাংশু পাল্টা বলেন, “উনি এখন কে? শুধু তমলুক লোকসভার বিজেপি প্রার্থী ছাড়া আর কিছু নন। এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেই কখনও সাংবাদিকদের আবার কখও সাধারণ মানুষের প্রশ্নে মেজাজ হারাচ্ছেন।”