৯ কেজি গাঁজা, ১০ কেজি ভাং, পুলিশের মালখানা থেকে সব উড়িয়ে দিল ইঁদুর! – Bengali News | Lawyer says, Rats destroyed narcotic elements from a police staion in Jharkhand
রাঁচি: পুলিশের মালখানায় মজুত করে রাখা ছিল গাদা গাদা মাদক। বিভিন্ন অভিযানে পুলিশ যে সব গাঁজা, ভাং উদ্ধার করে বাজেয়াপ্ত করেছিল, সেই সব জমানো ছিল থানার মালখানায়। কিন্তু মালখানায় মজুত রেখেও শান্তি নেই। পুলিশের চোখের সামনেই সব হয়ে গেল, তারপর টনক নড়ল উর্দিধারীদের। প্রায় ৯ কেজি গাঁজা ও ১০ কেজি ভাং, পুরোটা নষ্ট করে ফেলেছে ইঁদুর। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের এক থানায়। ইঁদুরের উপদ্রবে পুলিশের বাজেয়াপ্ত করা গোটা মাদক সামগ্রী সব নষ্ট!
জানা যাচ্ছে, এই গাঁজা ও ভাং উদ্ধার হয়েছিল প্রায় সাড়ে পাঁচ বছর আগে। ২০১৮ সালের ডিসেম্বর মাসে এক মাদক দমন অভিযানে রাজগঞ্জ থানার পুলিশ শম্ভুপ্রসাদ অগ্রবাল ও তার ছেলেকে গ্রেফতার করেছিল। সেই অভিযানেই উদ্ধার হয়েছিল প্রায় ৯ কেজি গাঁজা ও ১০ কেজি ভাং। পুলিশের তরফে থানায় এফআইআর রজু করা হয়েছিল। বর্তমানে সেই মামলা বিচারাধীন রয়েছে আদালতে। সম্প্রতি ওই মামলার তদন্তকারী অফিসার জয়প্রকাশ প্রসাদকে আদালত নির্দেশ দিয়েছিল বাজেয়াপ্ত হওয়া গাঁজা ও ভাং আদালতে পেশ করার জন্য।
বিচারকের সেই নির্দেশের প্রেক্ষিতেই শনিবার আদালতে উপস্থিত হন তদন্তকারী অফিসার জয়প্রকাশ প্রসাদ। তিনি রাজগঞ্জ থানার ওসির একটি অ্যাপ্লিকেশন জমা দেন আদালতে। আদালতের কাছে জানানো হয়, বাজেয়াপ্ত হওয়া সেই মাদক সামগ্রী ইঁদুরে নষ্ট করে দিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে এ কথা জানিয়েছেন অভিযুক্তের আইনজীবী অভয় ভাট। তাঁর বক্তব্য, এর থেকেই বোঝা যায়, তাঁর মক্কেলদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।