Vande Bharat Sleeper Ticket: চালুর আগেই এক সপ্তাহের সব টিকিট বুক! ফ্লাইট ছেড়ে লোকে ‘এই ট্রেনে’ই যেতে কেন ‘পাগল’? | Bengaluru Mumbai Vande Bharat Sleeper Sees Huge Demand in Ticket, Why People are choosing this Train?
বেঙ্গালুরু-মুম্বই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস।Image Credit: PTI
বেঙ্গালুরু: ট্রেন চালু হওয়ার আগেই সব টিকিট বুক। এমনকী ওয়েটিং লিস্টও দীর্ঘ। এতটাই জনপ্রিয়তা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের। আর হবে নাই বা কেন, অন্যতম ব্যস্ততম রুট, বেঙ্গালুরু-মুম্বই রুটে চালু হয়েছে এই ট্রেন। গত ১ নভেম্বর থেকে যাত্রা শুরু হয়েছে দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপারের। আর শুরুতেই তুঙ্গে জনপ্রিয়তা।
টিকিট কাটার পরেই ওয়েটিং-
বেঙ্গালুরু-মুম্বই রুটে বন্দে ভারত স্লিপারের টিকিট বুকিং শুরু হয় ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে। বুকিং শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রথম দিকের বেশ কিছু দিনের টিকিট প্রায় শেষ হয়ে যায়। ফলে বিভিন্ন ক্লাসে ইতিমধ্যেই ওয়েটিং লিস্ট দেখা যাচ্ছে।
আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইটেও বেঙ্গালুরু-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেস (SMVT Bengaluru-CSMT Mumbai Vande Bharat Express)-এর টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। প্রথম দিনই সেকেন্ড এসি (Second AC) এবং ফার্স্ট এসি (First AC)-তে সমস্ত টিকিট বুক হয়ে গিয়েছে। আগামী ৭ নভেম্বর অবধি কোনও টিকিট নেই।
কেন এত জনপ্রিয়তা?
টিকিটের এমন চাহিদা দেখে স্পষ্ট, বেঙ্গালুরু-মুম্বই রুটে দ্রুত ও আরামদায়ক রাতের যাত্রার জন্য এই নতুন বন্দে ভারত স্লিপারকে ঘিরে যাত্রীদের আগ্রহ যথেষ্ট বেশি। এর অন্যতম আরেকটি কারণ হল যাতায়াতের সময় কমে যাওয়া। মাত্র ১৬ ঘণ্টায় এই যাত্রাপথ অতিক্রম হবে, আগে যেখানে ২০ থেকে ২৪ ঘণ্টা সময় লাগত। তাছাড়া বন্দে ভারত স্লিপারের বিলাসবহুল আসন, বিভিন্ন অত্যাধুনিক সুযোগ সুবিধা তো রয়েইছে। মূলত কম সময়ে, আরামদায়ক যাত্রার জন্যই ফ্লাইটের বদলে বহু মানুষ এই ট্রেনকে বেছে নিচ্ছেন।
কত ভাড়া বন্দে ভারত স্লিপারে?
বেঙ্গালুরু-মুম্বই-বেঙ্গালুরু রুটের এই বন্দে ভারত স্লিপারে মোট ১৬টি কোচ থাকবে।
এর ভাড়া হল—
- থার্ড এসি: ২,৮১০ টাকা
- সেকেন্ড এসি: ৩,৬৩০ টাকা
- ফার্স্ট এসি: ৪,৪৫০ টাকা
কোন কোন স্টেশনে থামবে?
বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার পথে বন্দে ভারত স্লিপার মোট ৮টি স্টেশনে থামবে। স্টেশনগুলি হল অনন্তপুর, গুন্টাকাল, রায়চুর, যাদগির, কালাবুরাগি, সোলাপুর, পুণে এবং কল্যাণ। এই রুটে মোট দুটি বন্দে ভারত স্লিপার ট্রেন সেট চালানো হবে। ট্রেনটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে (SWR)।
কখন ছাড়বে ট্রেন?
ট্রেন নম্বর ২৭৬৫২ বেঙ্গালুরু স্টেশন থেকে রাত ৭টা ৪৫ মিনিটে ছাড়বে। পরের দিন সকাল ১১টা ৫৫ মিনিটে পৌঁছবে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশনে। ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে। শুধু সোমবার চলবে না।