পালিয়ে বিয়ে করেছে মেয়ে, প্রতিশোধে ছেলের মাকে কাপড় খুলিয়ে পাড়ায় ঘোরাল পরিবার – Bengali News | 55 year old Woman beaten, Paraded Naked after her Son Eloped & Married with a Young Woman in Punjab
অভিযুক্তদের সঙ্গে পুলিশ।Image Credit source: Twitter
চণ্ডীগঢ়: লুকিয়ে লুকিয়ে কয়েক বছরের প্রেম, বিয়ের কথা উঠতেই ছেলের বাড়ি রাজি হলেও, নারাজ পাত্রীপক্ষ। কিছুতেই ওই ছেলের সঙ্গে বিয়ে দেবেন না একমাত্র মেয়ের, এটাই জেদ ছিল মায়ের। এদিকে, মেয়েও একরোখা। সুযোগ পেতেই প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল এবং বিয়েও করে নিল। ব্যাস, মেয়ের এই কাণ্ডে রাগে ফেটে পড়ল মা। চড়াও হলেন জামাইয়ের বাড়িতে। সেখানে তাঁকে না পেয়ে, তাঁর মা-কেই অর্ধনগ্ন করিয়ে ঘোরালেন গোটা এলাকা। সোশ্যাল মিডিয়ায় ওই মহিলাকে জোর করে নগ্ন করানো এবং ওই অবস্থায় রাস্তায় ঘোরানোর ভিডিয়োও পোস্ট করলেন।
বাড়ির অমতে বিয়ে করায় যুবকের বাড়িতে গিয়ে এমনই অমানবিক কাণ্ড ঘটাল মেয়ের পরিবার। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের তরণ তারণ জেলায়। ৫৫ বছরের এক মহিলাকে মারধোর ও অর্ধ নগ্ন করে গোটা এলাকায় ঘোরানো হয়। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল হতেই তৎপর হয় পুলিশ। শনিবার যুবতীর পরিবারের চারজনকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৩১ মার্চ। চলতি সপ্তাহের শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ওই মহিলাকে অর্ধ নগ্ন করে ঘোরানোর ভিডিয়ো ভাইরাল হয়। এরপরই কড়া পদক্ষেপ করে পুলিশ। নির্যাতিতা মহিলা জানিয়েছেন, তাঁর ছেলের সঙ্গে এক যুবতীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সম্প্রতি বিয়ের কথা শুরু হয়। তাঁরা রাজি থাকলেও, মেয়ের পরিবার রাজি ছিল না।
পরিবার মানবে না বলেই ওই যুবক-যুবতী বাড়ি থেকে পালিয়ে যান এবং গোপনে বিয়ে করেন। এদিকে, মেয়ের কীর্তি জানতে পেরেই যুবকের বাড়িতে চড়াও হয় যুবতীর পরিবার। ওই সময়ে সদ্য বিবাহিত যুগল বাড়ি ছিলেন না, একা তাঁর মা ছিলেন। ওই যুবতীর মা, দুই ভাই ও এক পারিবারিক বন্ধু মিলে বছর পঞ্চান্নর মহিলাকেই মারধোর শুরু করেন। টেনে ছিড়ে দেন পোশাক। এরপর ওই অবস্থাতেই গোটা গ্রাম ঘোরানো হয়।
শুক্রবার ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় নজরে আসে পুলিশের। এরপরই যুবতীর মা কুলবিন্দর কৌর মানি, তাঁর দুই ভাই স্মরণজিৎ ও গুরচরণ সিং, বন্ধু সানি সিং-কে গ্রেফতার করা হয় শনিবার। যে মোবাইলে ওই ভিডিয়োটি করা হয়েছিল, সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে।