ব্যক্তিগত ছবি ফাঁসের হুমকি রুখতে আইআইটি খড়গপুরের ‘বিশ্বাস’ - 24 Ghanta Bangla News
Home

ব্যক্তিগত ছবি ফাঁসের হুমকি রুখতে আইআইটি খড়গপুরের ‘বিশ্বাস’

Spread the love


কলকাতা: পড়ুয়াদের মধ্যে সাইবার বুলিং, সেক্সটরশন এবং ব্যক্তিগত ছবি বা ভিডিয়োর অপব্যবহারের ঘটনা বাড়তে থাকায় বিশেষ উদ্যোগ নিল IIT খড়্গপুর। বুধবার পড়ুয়াদের সুরক্ষায় ‘বিশ্বাস’ (Vishwas…

কলকাতা: পড়ুয়াদের মধ্যে সাইবার বুলিং, সেক্সটরশন এবং ব্যক্তিগত ছবি বা ভিডিয়োর অপব্যবহারের ঘটনা বাড়তে থাকায় বিশেষ উদ্যোগ নিল IIT খড়্গপুর। বুধবার পড়ুয়াদের সুরক্ষায় ‘বিশ্বাস’ (Vishwas Helpline) নামে একটি বিশেষ সেল ও হেল্পলাইন চালু করেছে প্রতিষ্ঠানটি। অনলাইনে হুমকি, ব্ল্যাকমেলিং বা ব্যক্তিগত তথ্য ফাঁসের আশঙ্কায় সমস্যায় পড়লে এবার সরাসরি প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারবেন পড়ুয়ারা।

IIT খড়্গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী জানিয়েছেন, সাইবার সংক্রান্ত অভিযোগ ও ঘটনার মোকাবিলায় একটি প্রাতিষ্ঠানিক সহায়তা ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। পাশাপাশি সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরি এবং অনলাইন হুমকি মোকাবিলায় পড়ুয়া-সহ প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

তাঁর কথায়, নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে এই উদ্যোগ প্রতিষ্ঠানের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

ব্যক্তিগত ছবি ফাঁসের ভয় দেখিয়ে চলছে ব্ল্যাকমেলিং

IIT খড়্গপুরের এক আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি এমন কিছু ঘটনা নজরে এসেছে, যেখানে অপরাধীরা প্রথমে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। পরে সেই তথ্য ব্যবহার করে টাকা আদায়ের চেষ্টা চলছে। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত ছবি বা বিকৃত ছবি পরিবারের সদস্যদের কিংবা সমাজের সামনে প্রকাশ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।

এই ধরনের পরিস্থিতিতে ভয়, লজ্জা এবং সামাজিক সম্মানের আশঙ্কায় অনেক পড়ুয়া নীরব থাকছেন। ফলে তাঁদের মধ্যে তীব্র আতঙ্ক ও মানসিক উদ্বেগ তৈরি হচ্ছে। পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আগেই যাতে পড়ুয়ারা সাহায্য চাইতে পারেন, সেই লক্ষ্যেই ‘বিশ্বাস’ সেল চালু করা হয়েছে।

কীভাবে সাহায্য করবে ‘বিশ্বাস’ সেল?

প্রতিষ্ঠানের প্রায় ১৭ হাজার পড়ুয়ার নিরাপত্তার কথা মাথায় রেখে এই বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। হেল্পলাইনে ফোন করার পাশাপাশি ইমেল, সরাসরি দেখা করে অথবা গোপনীয়ভাবে অভিযোগ জমা দিয়েও সাহায্য চাইতে পারবেন পড়ুয়ারা।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা দেওয়ার জন্য একটি বিশেষ ক্রাইসিস টিম কাজ করবে। অভিযোগকারীর পরিচয় ও সমস্যার গোপনীয়তা বজায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা থাকবে।

সাইবার অপরাধের শিকার হলে ভয় বা লজ্জায় চুপ করে না থেকে দ্রুত সাহায্য চাওয়ার গুরুত্বও তুলে ধরছে এই উদ্যোগ। বিশেষ করে ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো ফাঁসের হুমকি, অনলাইন ব্ল্যাকমেলিং এবং সেক্সটরশনের মতো ঘটনায় পড়ুয়াদের পাশে দাঁড়াতেই ‘বিশ্বাস’ সেল চালু করেছে IIT খড়্গপুর।

The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *