২০১টি গ্রাম ওজনের Galaxy Z Fold 8 তৈরির নেপথ্যের ছবি প্রকাশ Samsung-এর

মুম্বই: ফোল্ডেবল স্মার্টফোন তৈরির প্রক্রিয়া এবং একাধিক গুণমান পরীক্ষার নেপথ্যের ছবি প্রকাশ করল Samsung। সংস্থার দাবি, আট প্রজন্মের ফোল্ডেবল ফোন তৈরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে Galaxy…
মুম্বই: ফোল্ডেবল স্মার্টফোন তৈরির প্রক্রিয়া এবং একাধিক গুণমান পরীক্ষার নেপথ্যের ছবি প্রকাশ করল Samsung। সংস্থার দাবি, আট প্রজন্মের ফোল্ডেবল ফোন তৈরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে Galaxy Z Fold 8-এর ডিজাইন, স্থায়িত্ব এবং অভ্যন্তরীণ কাঠামোয় একাধিক পরিবর্তন আনা হয়েছে। ফোনটি ওজনে মাত্র ২০১ গ্রাম। খোলা অবস্থায় এর পুরুত্ব ৪.৫ মিমি এবং ভাঁজ করা অবস্থায় ৯.৭ মিমি।
Samsung জানিয়েছে, Galaxy Z Fold 8 তৈরির সময় ডিসপ্লে, হিঞ্জ, ব্যবহৃত উপকরণ এবং বিভিন্ন যন্ত্রাংশের বিন্যাসে ব্যাপক পরিবর্তন করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ২৭০টি কম্পোনেন্ট এবং ১৮০টিরও বেশি ধরনের সহায়ক যন্ত্রাংশের নকশা ও বিন্যাস উন্নত করা হয়েছে।
পাতলা ও হালকা ডিজাইনের নেপথ্যে নতুন প্রযুক্তি
Samsung-এর মতে, Galaxy Z Fold 8-কে পাতলা ও হালকা করতে শুধু প্রতিটি যন্ত্রাংশের আকার ছোট করা হয়নি। বরং ফোনের বিভিন্ন অংশের কার্যকারিতা অনুযায়ী উপকরণ নির্বাচন এবং অভ্যন্তরীণ কাঠামো নতুন করে সাজানো হয়েছে।
এর অন্যতম উদাহরণ Flex Titanium প্রযুক্তি। এতে অতি পাতলা টাইটানিয়াম অ্যালয় ফিল্মের সঙ্গে ফোল্ডিং ডিসপ্লের চারপাশে উন্নত টাইটানিয়াম সাপোর্ট প্লেট ব্যবহার করা হয়েছে। সংস্থার দাবি, এই উপকরণের সমন্বয়ে প্রয়োজনীয় শক্তি, নমনীয়তা এবং কাঠামোগত সুরক্ষা বজায় রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি ডিসপ্লে মডিউলের পুরুত্ব প্রায় ১০ শতাংশ কমানো গিয়েছে।
ফোনের ফ্রেমে ব্যবহার করা হয়েছে Advanced Armor Aluminum। Samsung-এর দাবি, এই উপকরণ ফোনের কাঠামোকে মজবুত রাখে এবং অতিরিক্ত ওজন না বাড়িয়েই স্থায়ীভাবে বেঁকে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।
ব্যাটারি ও কুলিং ব্যবস্থাতেও পরিবর্তন
ফোনের ভিতরে জায়গা বাঁচানো এবং ওজন কমানোর ফলে ব্যাটারি ও তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য বেশি জায়গা পাওয়া গিয়েছে বলে জানিয়েছে Samsung।
Galaxy Z Fold 8-এ প্রথমবার Silicon-Carbon Anode ব্যবহার করা হয়েছে বলে সংস্থার দাবি। এর সঙ্গে রয়েছে উন্নত Graphite এবং Independent Charging Architecture। নতুন অভ্যন্তরীণ কাঠামোর ফলে বড় ব্যাটারি ব্যবহারের পাশাপাশি তাপ নিয়ন্ত্রণের ক্ষমতাও উন্নত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
Samsung-এর লক্ষ্য, ফোনের পাতলা ডিজাইন বজায় রেখেও দীর্ঘক্ষণ ব্যবহারের সময় স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করা। বিশেষ করে প্রসেসরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং দীর্ঘ সময় ধরে কাজের চাপ সামলানোর বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
১০০টিরও বেশি পরীক্ষার মধ্যে দিয়ে যায় ফোল্ডেবল ফোন
দ্বিতীয় একটি ভিডিওতে ফোল্ডেবল ফোনের স্বয়ংক্রিয় গুণমান পরীক্ষার প্রক্রিয়া তুলে ধরেছে Samsung। সংস্থার দাবি, Galaxy Z সিরিজের প্রতিটি ফোনকে ১০০টিরও বেশি নির্ভরযোগ্যতা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়।
এই পরীক্ষাগুলির মধ্যে রয়েছে বারবার ফোন খোলা ও বন্ধ করা, ধাক্কা, চাপ এবং ধুলিকণার সংস্পর্শে আসার মতো পরিস্থিতি। এর মাধ্যমে ডিসপ্লে, হিঞ্জ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশের স্থায়িত্ব যাচাই করা হয়।
Samsung জানিয়েছে, শুধু আলাদা আলাদা যন্ত্রাংশ পরীক্ষা করেই থেমে থাকে না তারা। সম্পূর্ণ ফোনটিকে একটি সমন্বিত ব্যবস্থা হিসেবে পরীক্ষা করা হয়। কারণ, দৈনন্দিন ব্যবহারের সময় ফোল্ডেবল ফোনের বিভিন্ন অংশ একসঙ্গে নানা ধরনের চাপের মুখে পড়ে।
সংস্থার দাবি, আট প্রজন্মের অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য কাজে লাগিয়ে এই ধরনের চাপের জায়গাগুলি চিহ্নিত করা এবং ডিজাইন ও পরীক্ষার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। পাতলা ও হালকা ফোল্ডেবল ফোন তৈরির পাশাপাশি দীর্ঘদিনের ব্যবহারেও কাঠামোগত শক্তি ও নির্ভরযোগ্যতা বজায় রাখাই Galaxy Z Fold 8 তৈরির মূল লক্ষ্য বলে জানিয়েছে Samsung।
Get your daily dose of tech news and insight. Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel