স্ত্রীকে খুন? কাটা মুন্ডু হাতে মন্দিরে বসে স্বামী! চাঞ্চল্য গঙ্গারামপুরে - 24 Ghanta Bangla News
Home

স্ত্রীকে খুন? কাটা মুন্ডু হাতে মন্দিরে বসে স্বামী! চাঞ্চল্য গঙ্গারামপুরে

Spread the love


গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ভয়াবহ হত্যাকাণ্ড। স্ত্রীকে খুনের পর তাঁর কাটা মাথা হাতে নিয়ে কখনও মন্দিরে বসে থাকতে, আবার কখনও এলাকার রাস্তায় ঘুরে বেড়াতে দেখা…

গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে ভয়াবহ হত্যাকাণ্ড। স্ত্রীকে খুনের পর তাঁর কাটা মাথা হাতে নিয়ে কখনও মন্দিরে বসে থাকতে, আবার কখনও এলাকার রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল এক ব্যক্তিকে। বুধবার সকালে নারায়ণপুর ঘোষপাড়ার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে মহিলার দেহ এবং খুনে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা ধারাল অস্ত্র।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম সীমা ঘোষ সরকার (৩৫)। তাঁর স্বামী রিন্টু ঘোষকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। গঙ্গারামপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই দম্পতির ১৫ বছরের সংসার। তাঁদের দুই ছেলেও রয়েছে। রিন্টু পেশায় সরকারি বাসের অস্থায়ী কন্ডাক্টর ছিলেন।

স্থানীয় সূত্রে খবর, বছর তিনেক আগে কন্ডাক্টরের কাজ হারান রিন্টু। এরপর জীবিকা নির্বাহের জন্য রাস্তার পাশে কখনও ফুল, কখনও মুড়ি-গুড় বিক্রি করতেন তিনি। এই সময় থেকেই তাঁর পারিবারিক জীবনেও নানা সমস্যা তৈরি হয় বলে দাবি প্রতিবেশীদের। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও বিবাদ লেগে থাকত। তবে সেই অশান্তির সঙ্গে খুনের ঘটনার সরাসরি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বুধবার সকালে এলাকার একটি মন্দিরে রিন্টুকে স্ত্রীর কাটা মাথা নিয়ে বসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁকে ওই অবস্থায় রাস্তায় ঘুরতেও দেখা যায়। এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তকে আটক করে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে সীমার দেহ এবং একটি ধারাল দা উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই অস্ত্র দিয়েই মহিলার গলা কাটা হয়ে থাকতে পারে।

তন্ত্রসাধনার যোগ রয়েছে কি?

এই ঘটনার পর স্থানীয়দের একাংশের বক্তব্যে উঠে এসেছে তন্ত্রসাধনার প্রসঙ্গ। তাঁদের দাবি, বেশ কিছুদিন ধরেই তন্ত্রসাধনায় যুক্ত ছিলেন রিন্টু। বাড়ির কালীমন্দির এবং পাশের দুর্গামন্দিরে দিনের অনেকটা সময় কাটাতেন তিনি। যদিও এই দাবির সত্যতা এখনও নিশ্চিত নয়।

পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিনের দাম্পত্য অশান্তির জেরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে খুনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তন্ত্রসাধনার সঙ্গে ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

৫ নভেম্বর বাংলার নতুন শিল্পনীতি ঘোষণা শুভেন্দুর! জমি আইনে বড়সড় বদলের ইঙ্গিত

পিছোচ্ছে ২০২৭ সালের মাধ্যমিক? কবে পরীক্ষা শুরুর প্রস্তাব পর্ষদের?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *