Bihar CM: ‘বিহারে ক্রাইম হতে পারে, অপরাধ নয়’, মন্তব্য মুখ্যমন্ত্রী সম্রাটের, খোঁচা তেজস্বীর | Bihar Chief Minister Samrat Choudhary says 'crime might happen, but not apradh', Tejashwi Yadav takes swipe - 24 Ghanta Bangla News
Home

Bihar CM: ‘বিহারে ক্রাইম হতে পারে, অপরাধ নয়’, মন্তব্য মুখ্যমন্ত্রী সম্রাটের, খোঁচা তেজস্বীর | Bihar Chief Minister Samrat Choudhary says ‘crime might happen, but not apradh’, Tejashwi Yadav takes swipe

Spread the love

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি (বাঁদিকে), তেজস্বী যাদব (ডানদিকে)Image Credit: X/@yadavtejashwi/PTI

পটনা: ‘ক্রাইম’ আর ‘অপরাধ’ নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির মন্তব্যে শোরগোল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিহারের মুখ্যমন্ত্রীর মন্তব্য। আর এই নিয়ে খোঁচা দিতে ছাড়ল না বিরোধীরা। বিহারের মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব।

কী বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী?

মঙ্গলবার জাতীয় সড়ক প্রকল্পে নদীর পলি ব্যবহারের বিষয়ে একটি মউ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সম্রাট চৌধুরি। সেখানেই তিনি বলেন, বিহারে কোনও অপরাধ নেই। অপরাধের ধারণাটাই কার্যত শেষ হয়ে গিয়েছে। তাঁর কথায়, “এখানে কোনও অপরাধ নেই। অপরাধের ধারণাটাই শেষ হয়ে গিয়েছে। এখানে ক্রাইম হতে পারে, কিন্তু ‘অপরাধ’ নেই। কোনও অপরাধীও নেই।” এরপর বিহার কীভাবে ঘুরে দাঁড়াবে সেই বার্তা দেন তিনি। বলেন, “বিহারের দ্বিতীয় বৃহত্তম চ্যালেঞ্জ হল জলসম্পদের সঠিক ব্যবস্থাপনা। বিহার যদি নিজের জলসম্পদ ঠিকমতো পরিচালনা করতে পারে, তা হলে রাজ্য আবার ঘুরে দাঁড়াবে।”

বিহারের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরই বিজেপিকে নিশানা করেন বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। সম্রাট চৌধুরির বক্তব্যের একটি ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘মঞ্চে উপস্থিত আইএএস ও আইপিএস আধিকারিকরা এঁর সঙ্গে কাজ করতে পেরে নিজেদের সম্মানিত মনে করছেন, নাকি অপমানিত?’

সম্রাট চৌধুরি যে অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন, সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গড়কড়ীও। বিহার সরকার এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রকের মধ্যে একটি মউ স্বাক্ষরের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

প্রসঙ্গত, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) এবং বিহার সরকার নদী ও জলাধার থেকে পলি তোলা এবং সেই পলি জাতীয় সড়ক প্রকল্পের কাজে ব্যবহারের জন্য একটি মউ স্বাক্ষর করেছে। এনএইচএআই জানিয়েছে, বিহারে চলতি এবং প্রস্তাবিত জাতীয় সড়ক প্রকল্পগুলির জন্য প্রায় ২৪৩ লক্ষ ঘনমিটার পলির প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *