SIR Form 6: ভয়ের কোনও কারণ নেই! বিতর্কের মাঝে ‘ফর্ম ৬’ নিয়ে নয়া নির্দেশিকা কমিশনের | Election Commission new notification on Form 6 for deleted voters
কলকাতা: এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিরোধীরা। মামলা চলছে সুপ্রিম কোর্টে। প্রশ্ন উঠেছে ‘ফর্ম ৬’ (Form 6) নিয়েও। সাধারণত নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই ‘ফর্ম ৬’। কিন্তু এসআইআরের খসড়া তালিকায় নাম বাদ যাওয়া ভোটাররাও এবার এই ফর্ম পূরণ করে নাম তোলার আবেদন করতে পারবেন। এই বিষয়ে সমস্ত বিভ্রান্তি কাটাতে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন (Election Commission)।
কমিশনের নয়া নির্দেশিকা অনুযায়ী, খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে ফর্ম ৬ জমা দিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ব্যক্তির নাম আগে ভোটার তালিকায় ছিল কি না, তা এখানে কোনও বাধা হয়ে দাঁড়াবে না। কমিশন মনে করছে, অনেকেই এটা ভেবে ভয় পাচ্ছেন যে আগে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ফর্ম ৬ পূরণ করলে শাস্তির মুখে পড়তে হবে। সেই বিভ্রান্তি কাটাতেই এই নির্দেশিকা জারি করল কমিশন।
মঙ্গলবার জারি করা এই নির্দেশিকায়, কমিশনের স্পষ্ট বক্তব্য, আগে নাম বাদ গিয়েছে, সেটা না জানালে তা ‘মিথ্যা ঘোষণা’ বলে গণ্য হবে না। কোনও আইনি ব্যবস্থাও নেওয়া হবে না বলে জানানো হয়েছে। বাদ পড়া ভোটারদের ফর্ম ৬ পূরণ নিয়ে আপাতত কোনও সমস্যা থাকছে না।
প্রথমবার যাঁরা ভোটার হচ্ছেন, তাঁদের মধ্যে অন্যায় দেখা হবে না। নাম তোলার ফর্মের স্বীকারোক্তি নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেও জানানো হয়েছে কমিশনের তরফে। জনপ্রতিনিধি আইন মেনে ওই সব ব্যক্তিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করা হবে না বলে কমিশন জানিয়েছে। দেশ জুড়ে ফর্ম ৬ নিয়ে যেভাবে বিতর্ক দানা বাঁধছে তা কিছুটা কমানোর জন্যই এই নয়া উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ -এর রিপোর্টকে বলা হয়েছিল, এই ফর্ম ৬-এর পরিবর্তন আনার ক্ষেত্রে সরকারের কোনও অনুমোদন নেওয়া হয়নি। ফর্ম ৬-এ কোনও বদল আনতে গেলে, সরকারের অনুমোদন নেওয়া জরুরি। এই বিষয়েও তিন নির্বাচন কমিশনারের মতপার্থক্য ছিল বলে উল্লেখ করা হয়। পরে কমিশন সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় জানিয়েছে, ফর্ম ৬-এ আদতে কোনও পরিবর্তন আনা হয়নি।