৩০ সেকেন্ডেই বন্ধ রক্তক্ষরণ, বিশ্বজয় খণ্ডঘোষের
সিঙ্গাপুরের আন্তর্জাতিক ‘স্লিংশট ২০২৬’ প্রতিযোগিতায় হেল্থ অ্যান্ড বায়োমেডিক্যাল বিভাগে শীর্ষস্থান দখল করে বিজয়ী হয়েছে সাবিরের এই সংস্থা। আন্তর্জাতিক এই খেতাবের পাশাপাশি তাঁর গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যেতে মিলল চার লক্ষ সিঙ্গাপুর ডলারের অনুদানও। খণ্ডঘোষের প্রত্যন্ত বাদুলিয়া গ্রামের ছেলে সাবির প্রাথমিক পড়াশোনা গ্রামেই শেষ করেন। পরে বর্ধমানের স্কুল থেকে উচ্চ মাধ্যমিক ও কলকাতার কলেজ থেকে বিটেক পাশ করার পরে এনআইটি রাউরকেল্লা থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এমটেক সম্পন্ন করেন। সেখানেই প্রফেসর দেবেন্দ্র ভার্মার তত্ত্বাবধানে গবেষণা চালিয়ে তিনি তৈরি করেন এই ‘স্টপব্লিড’ পাউডার এবং গড়ে তোলেন নিজের স্টার্টআপ সংস্থা ‘মিরাকিউলস’। সাবিরের পরিবার বর্তমানে বর্ধমানের রসিকপুর এলাকায় বসবাস করে। সাত বছর আগে ২০১৯-এ দিল্লির ডিআরডিও ভবনে সাবির হোসেনের হাতে বিশেষ মানপত্র তুলে দিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সেই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ডিআরডিও চেয়ারম্যান সতীশ রেড্ডি এবং তিন দেশের সেনাপ্রধানরাও।