১২ একর জুড়ে ১২ মাস বর্ষার আবহ! গুজরাটের ‘রেনফরেস্ট’-এ আর কী কী চমক রয়েছে? - 24 Ghanta Bangla News
Home

১২ একর জুড়ে ১২ মাস বর্ষার আবহ! গুজরাটের ‘রেনফরেস্ট’-এ আর কী কী চমক রয়েছে?

Spread the love

গুজরাটের ‘স্ট্যাচু অফ ইউনিটি’ ইতিমধ্যেই বিশ্বমানের এক অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে স্থান করে নিয়েছে। এ বার পর্যটকদের জন্য একতা নগরে যুক্ত হলো আরও একটি চোখধাঁধানো পর্যটনকেন্দ্র। ঘনসবুজ অরণ্য, বছর জুড়ে কৃত্রিম বৃষ্টিপাত, ঝুলন্ত জলপ্রপাত এবং ২২০ মিটারের এক রোমাঞ্চকর কাচের স্কাইওয়াক নিয়ে আত্মপ্রকাশ করল ভারতের এই নতুন রেনফরেস্ট। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী তথা ‘জাতীয় একতা দিবস’ উপলক্ষে ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ পর্যটন কেন্দ্রটির শুভ সূচনা করেন।

১২ একর জুড়ে ১২ মাস বর্ষার আবহ ও কৃত্রিম বৃষ্টিপাত

প্রায় ১২ একর এলাকা জুড়ে বিস্তৃত এই রেনফরেস্টে এমন পরিবেশ তৈরি করা হয়েছে, যাতে বছরের যে কোনও সময়েই বর্ষার অনুভূতি পাওয়া যায়। এই উদ্যানে ২০টি বিশেষ রেন-গান টাওয়ার বসানো হয়েছে, যা অনবরত কৃত্রিম বৃষ্টির ধারা তৈরি করে অরণ্যের পরিবেশকে সতেজ ও সিক্ত রাখে। ভারতের বিভিন্ন প্রান্তের চিরহরিৎ উদ্ভিদ রয়েছে এখানে। এ ছাড়াও পশ্চিমঘাট পর্বতমালা, হিমালয় অঞ্চল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নানা বিরল ও বৈচিত্র্যময় গাছপালা এখানে দেখার সুযোগ পাবেন পর্যটকরা।

২২০ মিটার লম্বা কাচের স্কাইওয়াক

এই রেনফরেস্টের সবচেয়ে রোমাঞ্চকর অংশ হলো ২২০ মিটার দীর্ঘ বিশাল কাচের স্কাইওয়াক। এতে ১৩২টি উচ্চমানের কোরিয়ান গ্লাস প্যানেল ব্যবহার করা হয়েছে, যার প্রতিটির থিকনেস ৩৫ মিলিমিটার। কাচের স্বচ্ছ মেঝের উপর দিয়ে হাঁটার সময় নীচে রেনফরেস্টের সবুজ ক্যানোপি এবং দূরে ‘স্ট্যাচু অফ ইউনিটির’ দৃশ্য স্পষ্ট দেখা যায়। ‘সেলফি জ়োন’ হিসেবে এই স্পটটি দারুণ।

জলপ্রপাত, বাবল ফাউন্টেন ও মনোরম ট্রেল

বৃষ্টি , কাচের সেতু ছাড়াও এই পার্কের অন্দরে রয়েছে প্রাকৃতিক উপাদানে তৈরি একাধিক কৃত্রিম জলপ্রপাত, বাবল ফাউন্টেন এবং গোলাকার একটি লেক। উদ্যানের ভিতর বাঁধানো হাঁটার পথ অত্যন্ত মনোরম। বাঁশ-কাঠ-পাথরের তৈরি সাঁকো ধরে হাঁটতেও মন্দ লাগবে না।

FAQ

প্রশ্ন: গুজরাটের একতা নগরের নতুন রেনফরেস্টটির বিশেষত্ব কী?

উত্তর: ১২ একরের এই রেনফরেস্টে ২০টি রেন-গান টাওয়ারের মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত, ২২০ মিটারের কাচের স্কাইওয়াক, কৃত্রিম জলপ্রপাত এবং ভারতের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের চিরহরিৎ উদ্ভিদ রয়েছে।

প্রশ্ন: কাচের স্কাইওয়াকটি কতটা নিরাপদ এবং এর দৈর্ঘ্য কত?

উত্তর: স্কাইওয়াকটি ২২০ মিটার দীর্ঘ এবং এতে ৩৫ মিলিমিটার পুরু ১৩২টি শক্তপোক্ত কোরিয়ান গ্লাস প্যানেল বসানো হয়েছে, যা পর্যটকদের জন্য অত্যন্ত নিরাপদ।

প্রশ্ন: একতা নগরের এই রেনফরেস্টে প্রবেশের টিকিটের দাম কত?

উত্তর: প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য ১০০ টাকা। ৩ থেকে ১৫ বছর বয়সি শিশুদের জন্য টিকিটের দাম ৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *