Burdwan: হঠাৎই সামনে চলে আসে সাপ, ব্রেক কষলেন চালক, আর তারপরই যা ঘটল… গায়ে কাঁটা দেবে | Bus Hits Container After Driver Applies Sudden Brakes to Save Snake in Purba Bardhaman, 10 Injured
পূর্ব বর্ধমান: বাস চলছিল তার নির্দিষ্ট গতিতেই। আচমকাই সামনে থাকা কন্টেনার চালক ব্রেক কষলেন সজোরে। আর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না বাস চালক। সজোরে গিয়ে ধাক্কা কন্টেনারের পিছনে। ততক্ষণে হুড়মুড়িয়ে পড়েছেন বাসের যাত্রীরা। কিন্তু কন্টেনার চালক হঠাৎ ফাঁকা রাস্তায় ব্রেক কষলেনই বা কেন? প্রথমটায় ঠাওর করতে পারছিলেন না কেউই। সবাই ঘিরে ধরেছেন চালককে। কী দেখেছেন তিনি? চালক যা বললেন, তাতে শিউরে উঠলেন সকলে। কন্টেনারের সামনে রাস্তায় হঠাৎই চলে আসে একটি সাপ। আর সেই সাপটিকে বাঁচাতে গিয়ে কন্টেনার চালক আচমকা ব্রেক কষেন। তাতেই ঘটে গেল বিপত্তি। বরাতজোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে যাত্রীরা রক্ষা পেলেও আহত হয়েছেন অন্তত ১০ জন। রবিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতাড় থানার আলিনগর এলাকায়, বাদশাহী রোডের ওপর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (SBSTC) যাত্রীবাহী বাসটি বাদশাহী রোড ধরে বর্ধমান অভিমুখে যাচ্ছিল। বাসের ঠিক আগেই ছিল একটি কন্টেনার। আলিনগরের কাছে আচমকাই রাস্তার ওপর একটি সাপ চলে আসে। সাপটিকে পিষে না দিয়ে বাঁচাতে কন্টেনার চালক তড়িঘড়ি ব্রেক কষেন।
কন্টেনারটি হঠাৎ থেমে যাওয়ায় পিছনে থাকা সরকারি বাসের চালক আর সামলাতে পারেননি। ফলে সজোরে বাসটি গিয়ে ধাক্কা মারে কন্টেনারের পিছন দিকে।
বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। সরকারি বাসের সামনের অংশ একেবারে দুমড়ে মুছড়ে যায়। গাড়ির সামনের কাচ ভেঙে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত বাড়ান। খবর পেয়ে পৌঁছয় ভাতাড় থানার পুলিশ। দুর্ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী কম-বেশি আহত হন। স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় ভাতাড় স্টেট জেনারেল হাসপাতালে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার কবলে পড়া যাত্রী ও স্থানীয় অধিবাসীদের মতে, এই ঘটনায় বাসের চালকের কোনও গাফিলতি ছিল না। কন্টেনারটি খুব কাছ থেকে হঠাৎ ব্রেক করায় নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি।