Murshidabad: রঘুনাথগঞ্জে ৩০,০০০০০ টাকা উদ্ধার | 30 lakh rs recover from murshidabad
মুর্শিদাবাদ: ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে। পুলিশের অভিযানে উদ্ধার হল প্রায় ৩০ লক্ষ টাকা। এই ঘটনায় আসিফ রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতের বাড়ি রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি বিশ্বাসপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশের একটি দল অ্যাপলেক্স বাঁধ এলাকায় অভিযান চালায়। রাত প্রায় ১টা নাগাদ সেখান থেকেই আসিফ রহমানকে আটক করা হয়। এরপর তাঁর কাছে থাকা জিনিসপত্রে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা। পরে সেই টাকা গুনে দেখা যায়, মোট অর্থের পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা।
এক ব্যক্তির কাছ থেকে একসঙ্গে এত বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কোথা থেকে এই টাকা এল? কী উদ্দেশ্যে এত টাকা নিয়ে তিনি ওই এলাকায় ঘোরাফেরা করছিলেন? কোথাও টাকা পাচারের পরিকল্পনা ছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উদ্ধার হওয়া টাকার উৎস এবং এর পিছনে অন্য কারও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা চলছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ আধিকারিক বলেন, “আমাদের ফাঁড়িতে গোপন সূত্র থেকে খবর এসেছিল এক ব্যক্তি চুরির জিনিস নিয়ে যাচ্ছিলেন। আমাদের টিম খবর পেয়েই ঝাঁপিয়ে পড়ে। অভিযুক্তকে গ্রেফতার করে।”