ফিরছে কাজের গতি! কলকাতায় ৩০০ বহুতল প্রকল্পে নির্মাণের ছাড়পত্র - 24 Ghanta Bangla News
Home

ফিরছে কাজের গতি! কলকাতায় ৩০০ বহুতল প্রকল্পে নির্মাণের ছাড়পত্র

Spread the love

কলকাতা: তারাতলার গুদামবাড়ি ধসের ঘটনার পর রাজ্যের নির্মীয়মাণ বহুতলগুলির (Kolkata Real Estate) নিরাপত্তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সিদ্ধান্তে কলকাতার আটকে…

কলকাতা: তারাতলার গুদামবাড়ি ধসের ঘটনার পর রাজ্যের নির্মীয়মাণ বহুতলগুলির (Kolkata Real Estate) নিরাপত্তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সিদ্ধান্তে কলকাতার আটকে থাকা প্রায় ৩০০টি আবাসন প্রকল্পে ফের নির্মাণকাজ শুরুর পথ খুলল। নিরাপত্তা অডিটের রিপোর্ট এবং সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাগুলির দেওয়া লিখিত অঙ্গীকারের ভিত্তিতেই এই ছাড়পত্র দেওয়া হয়েছে।

কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, গত সেপ্টেম্বর মাসে কয়েক দফায় কলকাতার ৩০০টি আবাসন প্রকল্পের নাম উচ্চপর্যায়ের কমিটির কাছে পাঠানো হয়েছিল। প্রাথমিক পর্যায়ে তার মধ্যে ১৭৮টি প্রকল্প নিরাপত্তা অডিটে সন্তোষজনক ফল করে। বাকি প্রকল্পগুলিকে কয়েকটি নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছিল।

ওই পুর আধিকারিকের কথায়, “পরিদর্শন ও অডিটের ফলাফলের ভিত্তিতে আমরা শেষ পর্যন্ত নবান্নে সুপারিশ পাঠিয়েছি। তবে নির্মাণকাজের উপর নজরদারি জারি থাকবে।”

নিরাপত্তা অডিটের পর মিলল ছাড়পত্র

তারাতলার গুদামবাড়ি ধসের পর রাজ্যের বিভিন্ন শহরাঞ্চলে নির্মীয়মাণ বহুতল প্রকল্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর নির্মাণাধীন বহুতলগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে রাজ্যস্তরে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। নির্মাণকাজ বন্ধ থাকা প্রকল্পগুলির নিরাপত্তা অডিটের দায়িত্বও দেওয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

রাজ্যের ১৮টি পুরসভা এলাকায় মোট ৭০৬টি বহুতল প্রকল্পের নির্মাণকাজ বন্ধ রেখে অডিট করা হয়েছিল। তার মধ্যে প্রায় ৩০০টি প্রকল্প ছিল কলকাতায়। CREDAI West Bengal-এর সভাপতি সুশীল মোহতার দাবি, কলকাতার প্রায় সব প্রকল্পকেই ফের কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। তবে কয়েকটি প্রকল্পে গুরুতর অনিয়ম ধরা পড়ায় সেগুলিকে ছাড় দেওয়া হয়নি।

পাঁচতলা পর্যন্ত বাড়ির নির্মাণ ও মেরামতেও ছাড়

এর আগে গত জুলাই মাসে একটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছিল কলকাতা পুরসভা। সেখানে জানানো হয়, বৈধ অনুমোদিত নকশা থাকা পাঁচতলা পর্যন্ত (গ্রাউন্ড প্লাস চার) বাড়ির মালিকরা নির্মাণ, জরুরি রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজ চালিয়ে যেতে পারবেন।

নির্মাণকাজ বন্ধের নির্দেশের আওতায় না থাকা সত্ত্বেও পাঁচতলা পর্যন্ত বাড়ির নির্মাণ, সংস্কার বা মেরামতি করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন বলে একাধিক বাড়ির মালিক অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পুরসভা এই সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে।

তবে ছাড় পাওয়া বাড়িগুলির মালিকদের কাজ শুরু করার আগে পুর কমিশনারের দফতরে আবেদন জানাতে হবে বলে স্পষ্ট করেছিল KMC।

মাটি ধস রুখতে জরুরি কাজেও অনুমতি

যেসব বহুতল প্রকল্পে বেসমেন্ট তৈরির জন্য ইতিমধ্যেই খননকাজ শুরু হয়েছিল, সেগুলির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তামূলক কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল পুরসভা। এর মধ্যে রয়েছে শিট পাইলিং, রিটেনিং স্ট্রাকচার তৈরি, খননস্থলের মাটি স্থিতিশীল রাখার কাজ, জল নিষ্কাশন এবং ব্রেসিং সিস্টেম বসানো।

এছাড়া গভীর বা অগভীর ভিতের জন্য পাইল ক্যাপ তৈরির কাজও নির্দিষ্ট ক্ষেত্রে চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল খনন করা জমির মাটি ধসে পড়া আটকানো এবং পাশের বাড়ি বা সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা।

নিরাপত্তা অডিটের পর কলকাতার অধিকাংশ আটকে থাকা বহুতল প্রকল্পে নির্মাণকাজ ফের শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ থাকা প্রকল্পগুলির ক্ষেত্রে ছাড় মিলছে না। নির্মাণকাজ চালু হলেও নিরাপত্তা বিধি মানা হচ্ছে কি না, তা নিয়ে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে পুরসভা।

Essential Business Intelligence, Sharp Market Insights, Practical Personal Finance Advice, Daily Fuel, Gold and Silver Prices and Latest Stories – On Kolkata24x7 Business

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *