Bird Flu: জমিয়ে মুরগির ঠ্যাং চিবোচ্ছেন? কোভিডের থেকেও ১০০ গুণ ভয়ঙ্কর রূপ নিচ্ছে এই সংক্রমণ – Bengali News | Experts Raises Concern over Bird Flu Mutation, It Could turn into Pandemic & Will be 100 Times worse than COVID 19
নিউ ইয়র্ক: ২০২০ সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল করোনা সংক্রমণ। কয়েকশো কোটি মানুষ সংক্রমিত হয়েছিলেন তাতে, প্রাণ হারিয়েছিলেন কয়েক কোটি মানুষ। করোনার ধাক্কা সয়ে এসেছে অনেকটাই। এর মধ্যেই এবার আরও ভয়ঙ্কর সংক্রমণের সতর্কতা। বিশেষজ্ঞরা সতর্ক করলেন নতুন সংক্রমণ নিয়ে, যা কোভিডের থেকেও ১০০ গুণ ভয়ঙ্কর রূপ নিতে পারে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভয়ঙ্কর রূপ নিতে চলেছে বার্ড ফ্লু সংক্রমণ। তা কার্যত প্য়ান্ডেমিক বা মহামারির রূপ নিচ্ছে। এই সংক্রমণ কোভিডের থেকেও ১০০ গুণ ভয়াবহ আকার নিতে পারে। যে বা যারা সংক্রমিত হবে, তাদের অর্ধেকেরই প্রাণহানির আশঙ্কা রয়েছে।
সম্প্রতিই একটি গবেষণায় বার্ড ফ্লু নিয়ে উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। গবেষকরা বার্ড ফ্লু-র এইচ৫এন১ স্ট্রেইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, সংক্রমণের শিখরে পৌঁছে গিয়েছে এই ভাইরাস। যেকোনও সময়েই তা মহামারির রূপ নিতে পারে। বার্ড ফ্লুয়ের এই স্ট্রেইন স্তন্যপায়ী,এমনকী মানবদেহেও সংক্রমণ ছড়াতে সক্ষম। যদি এই সংক্রমণ মহামারির রূপ নেয়, তবে তা করোনা সংক্রমণের থেকেও ১০০ গুণ বেশি ভয়াবহ আকার ধারণ করতে পারে।
এক গবেষক জানিয়েছেন, বার্ড ফ্লুয়ের এই স্ট্রেইন যদি আরও অভিযোজন বা মিউটেশন হয় এবং অতি সংক্রামক ধারাই বজায় রাখে, তবে মৃত্যুহারও বাড়তে পারে। মিউটেশনের পর মানবদেহেও সংক্রমণ ভয়ঙ্কর হারে ছড়াতে পারে। সেক্ষেত্রে মৃত্যুও বাড়বে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০০৩ সাল থেকে যতজন এইচ৫এন১ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন, তাতে প্রতি ১০০ জনের মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে। এখনও অবধি ৮৮৭ জনের দেহে এই ভাইরাস পাওয়া গিয়েছে, তার মধ্যে ৪৬২ জনেরই মৃত্যু হয়েছে। সেই তুলনায় বর্তমানে কোভিডের মৃত্যুহার ০.১ শতাংশেরও কম, যা সংক্রমণের শুরুতে ২০ শতাংশের বেশি ছিল।