Weather Update: গরমের হাত থেকে স্বস্তি, রাত পোহালেই বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে – Bengali News | Rain is predicted in these districts during the night, Know weather update of Bengal
কলকাতা: এখনও শেষ হয়নি মার্চ। ক’দিন আগেই গিয়েছে দোল। কিন্তু, বসন্তের হাওয়া তো দূর, চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্রই একই ছবি। সবেথেকে বেশি তাপমাত্রা বাড়তে দেখা গিয়েছে পশ্চিমের জেলাগুলিতে। হাওয়া অফিস বলছে আগামী দু’দিনে গোটা বাংলাতেই তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্প বেশি থাকায় গরমের সঙ্গে থাকবে অস্বস্তিকর আবহাওয়া। সপ্তাহান্তে কলকাতার পারা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়াতে তাপমাত্রার গ্রাফ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে।
পারার ঊর্ধ্বমুখী গ্রাফ দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। বেশি বৃষ্টি হতে পারে শনিবার ও রবিবারে।
এই খবরটিও পড়ুন
শনিবার থেকেই বৃষ্টির দেখা মিলবে দক্ষিণবঙ্গেও। রবিবার ভাল বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃষ্টির সঙ্গেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়ার দেখা মিলতে পারে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও এখনই যে গরমের হাত থেকে রেহাই মিলবে এমনটা নয়। বজায় থাকবে গুমোট ভাব।