Saokat Molla: শওকতের কাঁধে ভর করেই ৪ লক্ষের লক্ষ্যভেদ? বড় দায়িত্ব দিলেন অভিষেক – Bengali News | Abhishek Banerjee has given big responsibility on TMC MLA Saokat Molla for loksabha election
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শওকত মোল্লাImage Credit source: Facebook
কলকাতা: রাজ্য রাজনীতিতে সবথেকে আলোচিত কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার। ওই কেন্দ্র থেকে লড়ছেন খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুধু ওই কেন্দ্র নয়, গোটা দক্ষিণ ২৪ পরগনার সবকটি কেন্দ্রকেই বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। চারটি লোকসভা কেন্দ্র আছে এই জেলায়। সম্প্রতি জেলায় গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আর ওই জেলায় ভোট বৈতরণী পার করতে যাঁর ওপর ভরসা করছে ঘাসফুল শিবির, তিনি হলেন শওকত মোল্লা।
দক্ষিণ ২৪ পরগনা জেলায় রয়েছে চারটি লোকসভা কেন্দ্র- ভাঙড়, জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ড হারবার। সূত্রের খবর, মথুরাপুর কেন্দ্র ছাড়া বাকি তিন কেন্দ্রের পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে। ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক সেরেছেন অভিষেক। স্থানীয় নেতাদের বুঝিয়ে দিয়েছেন, কোন বিধানসভা কেন্দ্র থেকে কত মার্জিনের লক্ষ্যমাত্রা থাকবে।
সূত্রের খবর, ডায়মন্ড হারবার কেন্দ্রে অন্তত ৪ লক্ষের মার্জিনে জেতার লক্ষ্যমাত্রা স্থির করেছেন অভিষেক। সেই লক্ষ্য পূরণেও ভরসা রাখছেন শওকত মোল্লার ওপর।
এই খবরটিও পড়ুন
শওকতকে নিয়ে তর্ক-বিতর্ক হয়েছে অনেক। ২০২২ সালে শওকত মোল্লাকে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা সিবিআই। কয়লা পাচার মামলায় তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু দলের কাছে শওকতের গুরুত্ব বরাবরই বেশি। রাজনৈতিক মহল মনে করছে, ওই জেলায় পরপর যেভাবে ভাল ফল হয়েছে, তার পিছনে রয়েছে শওকতের অবদান।
দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে শওকত যে বড় ফ্যাক্টর, সে কথা মেনে নিচ্ছেন অনেকেই। যুব তৃণমূলের সভাপতি থেকে শুরু করে বরাবর দায়িত্ব পালন করেছেন শওকত। বিতর্ক থাকলেও ফলাফলই শেষ কথা বলে। আর মাটিটা চেনেন শওকত মোল্লা। তাই তিন কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।