পাসপোর্টের ভেরিফিকেশন: পুরো দায়িত্বে এ বার এসসিও, দ্রুত নিষ্পত্তিই লক্ষ্য - 24 Ghanta Bangla News
Home

পাসপোর্টের ভেরিফিকেশন: পুরো দায়িত্বে এ বার এসসিও, দ্রুত নিষ্পত্তিই লক্ষ্য

Spread the love

এই সময়: পাসপোর্ট ভেরিফিকেশন ব্যবস্থায় বড়সড় বদল আনল লালবাজার। আগামী ১ অক্টোবর থেকে পাসপোর্টের আবেদন এবং নবীকরণের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব আর স্থানীয় থানার হাতে থাকবে না। এ বার থেকে ভেরিফিকেশনের মূল দায়িত্বে থাকবে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন (এসসিও)।

কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এ বিষয়ে নির্দেশিকা জারি করেছেন। পাসপোর্ট সংক্রান্ত যে ভেরিফিকেশনগুলি এখনও বাকি রয়েছে, সে–সবের স্টেটাস রিপোর্টও তলব করেছেন তিনি। সেই সঙ্গে এ বছরের মধ্যে সেই সব নথি যাচাইয়ের কাজ শেষ করার বার্তাও দিয়েছেন সিপি।

এতদিন কলকাতা পুলিশের এসসিও-র পাশাপাশি থানাগুলিও পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ করত। আবেদনকারীর ঠিকানা এবং নথিপত্র যাচাই-সহ বিভিন্ন স্তরের অনুসন্ধান থানার আধিকারিকদের মাধ্যমেই প্রধানত করা হতো। কিন্তু গত দু’বছর ধরে পাসপোর্ট ভেরিফিকেশের ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ উঠছিল। থানার বিরুদ্ধে বিস্তর অভিযোগ করছিলেন আবেদনকারীরা।

জাল পাসপোর্ট সংক্রান্ত তদন্তে ইতিমধ্যে কয়েক জনকে গ্রেপ্তারও করেছে এসসিও। নতুন নির্দেশিকার পরে নথি যাচাইয়ের জন্যে একমাত্র দায়িত্বে থাকবেন এসসিও–র অফিসাররাই। তবে এখনই থানার দায়িত্ব একেবারে শেষ হচ্ছে না। ইতিমধ্যে থানায় পড়ে থাকা পাসপোর্ট ভেরিফিকেশনের আবেদনগুলি দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে।

ওই নির্দেশিকায় বিভাগীয় ডেপুটি কমিশনারদের উদ্দেশে বলা হয়েছে, তাঁদের অধীনে থাকা থানাগুলিতে কতগুলি আবেদন পড়ে রয়েছে, সপ্তাহে কতগুলি আবেদনের নিষ্পত্তি করা হচ্ছে—তার তদারকি করতে হবে। নভেম্বর পর্যন্ত সাপ্তাহিক রিপোর্ট চাওয়া হয়েছে লালবাজারের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *