মণিপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলার মহিলা দল
জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ড. টি আও ট্রফিতে চ্যাম্পিয়ন হলো বাংলা। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে আয়োজিত ফাইনালে মণিপুরকে টাইব্রেকারে ৩-২ গোলে হারালো তারা। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১। প্রথমার্ধে ১৪ মিনিটে দিয়া বিশ্বাসের গোলে এগিয়ে যায় বাংলা। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে মণিপুর। কোন দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। গোলরক্ষক অন্বেষা নিয়োগী দু’টি পেনাল্টি বাঁচিয়ে বাংলার জয়ের কারিগর হয়ে ওঠেন।