দামি মোবাইল ফেরালেন ভ্যানচালক দিলীপ, মধ্যমগ্রামে মানবিকতার নজির
মধ্যমগ্রামে মানবিকতার নজির গড়লেন ৪০ ঊর্ধ্ব ভ্যানচালক দিলীপ কুমার সাউ। যাত্রীর ভ্যানে ফেলে যাওয়া দামি মোবাইল হাতে পাওয়ার পরে রাতের অন্ধকারেই বাড়ি খুঁজে সেটি ফিরিয়ে দিতে পৌঁছে যান তিনি। মধ্যমগ্রাম এলআইসি টাউনশিপে এক গৃহবধূকে ভ্যানে করে নিয়ে গিয়েছিলেন দিলীপ। ভাড়া মিটিয়ে যাত্রী চলে যাওয়ার পর ভ্যানে মোবাইলটি পড়ে থাকতে দেখেন তিনি। এরপর যাত্রীর বাড়ি খুঁজে বের করে মোবাইলটি ফিরিয়ে দেন দিলীপ। দিলীপের এই কাজে মুগ্ধ হয়ে তাঁকে জড়িয়ে ধরেন যাত্রীর স্বামী রাজীব চৌধুরী। পরিবারের জন্য খাবারও তুলে দেন তাঁর হাতে। মধ্যমগ্রামের এই ঘটনা মানবিকতা ও সততার এক সুন্দর বার্তা তুলে ধরেছে।