শেফালিদের সোনার দৌড়ে আজ কাঁটা চামারি
এই সময়: মেয়েদের বাইশ গজে সেরা এশিয়ান র্যাইভ্যালরি এখন আর ভারত–পাকিস্তান নয়। স্বচ্ছন্দে সেটা ভারত–শ্রীলঙ্কা বললে বাড়াবাড়ি হবে না। ১০ দিন আগে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। এর আগে ২০২৩ সালে শেষবার এশিয়ান গেমসের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই টিম। জিতেছিল ভারতই। আজ মঙ্গলবার নিশিনে এশিয়াডের সোনার দৌড়ে হরমনপ্রীত কৌরের টিম ইন্ডিয়ার সামনে সেই শ্রীলঙ্কা।
শুধু তাই নয়, ফেভারিট ভারতীয় টিমের সামনে আজ বড় বাধা শ্রীলঙ্কার ক্যাপ্টেন চামারি আতাপাত্তু। যিনি ব্যাটিং, বোলিং উভয় বিভাগেই সম্প্রতি রয়েছেন দুর্দান্ত ফর্মে। সেমিফাইনালে পাকিস্তানকে হারানোর ম্যাচে ৮৩ রানের ইনিংস খেলেন। এশিয়াডের অন্য ম্যাচে করেছেন ৬৩ রান। দুই ম্যাচে চামারির বোলিং পারফরম্যান্স ২–৩, ১–৩০।
শ্রীলঙ্কার সেরা বাজি যদি চামারি হন, ভারতের তা হলে শেফালি ভার্মা। শেষ চারটে ইনিংসে ভারতীয় এই ওপেনারের রান যথাক্রমে ৬৪, ৬৮, ৫৭ ও ১০০ নট আউট। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে সেঞ্চুরি। যা কি না এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে একমাত্র সেঞ্চুরি। একা শেফালিই নন, স্মৃতি মান্ধানাও রয়েছেন রানের মধ্যে। এই মুহূর্তে টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাঁর।
ভারতের ব্যাটিং ব্রিগেডের পাশাপাশি বোলাররাও আছেন দুর্দান্ত ছন্দে। বিশেষ করে দুই স্পিনার দীপ্তি শর্মা ও শ্রী চরণীর ধারাবাহিকতা দেখার মতো। ব্যাটে যেমন শেফালি–স্মৃতি বল হাতে দীপ্তি–শ্রী সেরা অস্ত্র। সব মিলিয়ে হরমনপ্রীতের হাতে ম্যাচ জেতানোর অনেক ক্রিকেটার। অঘটন ঘটানোর জন্য শ্রীলঙ্কার হাতে শুধু চামারি।