ফিরল ভিনেশ ফোগাটের স্মৃতি, ওজনের জন্য ফাইনাল হাতছাড়া ভারতের অ্যাথলিটের - 24 Ghanta Bangla News
Home

ফিরল ভিনেশ ফোগাটের স্মৃতি, ওজনের জন্য ফাইনাল হাতছাড়া ভারতের অ্যাথলিটের

Spread the love

ভারতের প্রথম মিক্সড মার্শাল আর্টস (MMA) ফাইটার হিসেবে এশিয়ান গেমসে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস গড়েছেন সুচিকা তারিয়াল। তবে এই ঐতিহাসিক উদযাপনের আনন্দ মুহূর্তেই ঢেকে গেল নিয়মের জাঁতাকলে। মহিলাদের ট্র্যাডিশনাল ৬০ কেজি বিভাগের সেমিফাইনালে প্রতিপক্ষের চেয়ে কোনও অংশে পিছিয়ে না থেকেও কেবল মাত্র ৭০০ গ্রাম বেশি ওজনের মাশুল দিয়ে ফাইনালের মঞ্চ থেকে ছিটকে গেলেন তিনি। আর এখানে ফিরে এল ভিনেশ ফোগাটের স্মৃতি।

সিঙ্গাপুরের তারকা ফাইটার হুই হুন তেও-এর বিরুদ্ধে সেমিফাইনালের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রথম রাউন্ডে তেও তাঁর নিখুঁত ও দ্রুতগতির বক্সিং পাঞ্চে কিছুটা এগিয়ে যান। তবে দ্বিতীয় রাউন্ডে নিজের চেনা জুডো ঘরানাকে সামনে এনে বাউটে প্রত্যাবর্তন ঘটান ৩৬ বছর বয়সি সুচিকা।

নির্ধারিত রাউন্ড শেষে বাউট গড়ায় এক মিনিটের অতিরিক্ত সময়ে (ওভারটাইম)। সেখানে দুই ক্লান্ত ফাইটার সমানে সমানে লড়াই করলেও কোনও চূড়ান্ত ফলাফল আসেনি। কিন্তু রেফারি যখন বিজয়ী হিসেবে সিঙ্গাপুরের তেও-এর হাত তুলে ধরেন, তখন ক্ষোভে-যন্ত্রণায় ফেটে পড়েন সুচিকা। সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি পোডিয়ামের মাঝে রেফারির পাশে দাঁড়াতে অস্বীকার করেন এবং রিংয়ের এক কোণে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

ফলাফল চ্যালেঞ্জ ভারতের

এরপরই সক্রিয় হয়ে ওঠে ভারতীয় শিবির। ভারতের MMA ফেডারেশন দেরি না করে ফলাফল চ্যালেঞ্জ করতে নির্ধারিত ১,০০০ মার্কিন ডলার ফি জমা দেন। সাধারণত তিনজন জাজ বাউট পরিচালনা করলেও, এই মেগা পর্যালোচনার দায়িত্বে বসেন ১০ জন বিচারকের একটি বিশেষ প্যানেল। ভিডিয়ো ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে বিচারকরা একমত হন যে মূল লড়াইটি ড্র হয়েছিল এবং আগের রায় বাতিল করে ম্যাচটিকে আনুষ্ঠানিকভাবে অমীমাংসিত ঘোষণা করা হয়।

ওজনের নিয়মে বাদ

কিন্তু এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এখানেই আসে এশিয়ান MMA-র নিয়ম। নিয়মানুযায়ী, লড়াই ড্র হলে প্রথমে ওয়ার্নিং দেখা হয়। সেখানেও উভয় প্রতিযোগী সমান অবস্থানে থাকায় তাঁদের ওজন তুলনা করা হয়। দেখা যায়, সকালের অফিসিয়াল ওজনে সিঙ্গাপুরের হুই হুন তেও সুচিকার চেয়ে প্রায় ৭০০ গ্রাম কম ছিলেন। ফলে ‘ব্রেক টাই বাই ওয়েট’ নিয়মে তেও-কে ফাইনালে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয় এবং ভারতীয় তারকাকে ব্রোঞ্জেই থামতে হয়।

সংবাদসংস্থা PTI-কে পুরো ঘটনার ব্যাখ্যা দিয়ে MMA স্পোর্টস ফেডারেশনের সভাপতি নিখিল কুন্দের বলেন, ‘ভারতীয় শিবিরের চ্যালেঞ্জের পর ম্যাচটিকে টাই ঘোষণা করা হয়েছিল। এরপর নিয়মানুযায়ী সকালের ওজনের ভিত্তিতে বিজয়ী নির্ধারিত হয়। সিঙ্গাপুরের প্রতিযোগী সুচিকার চেয়ে প্রায় ৭০০ গ্রাম হালকা থাকায় তিনি ফাইনালে চলে যান এবং সুচিকাকে ব্রোঞ্জ মেডেলেই সন্তুষ্ট থাকতে হলো।’

কী বিতর্ক হয়েছিল ভিনেশ ফোগাটকে কেন্দ্র করে?

২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল ইভেন্টে রুপো নিশ্চিত করেছিলেন ভিনেশ। ফাইনাল ম্যাচের আগের দিন সকালে ওজন পরীক্ষার সময় দেখা যায় নির্ধারিত ওজনের থেকে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি। যার পর অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী তাঁকে বাদ পড়তে হয় এবং তাঁর পদকও নিয়ে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *