আর কত খাবি? যুদ্ধে ওপারের ‘গব্বর’
সিনেমার ডায়লগ নয়, খুন–খারাবি নয়, তবে লক্ষ্যটা একই। এমনই একটা টার্গেট নিয়ে জুলাইয়ের গোড়ায় দিল্লির বি-টেক পড়ুয়া আরিয়ান নিশাদ Bribes.fyi নামে একটা ওয়েবসাইট লঞ্চ করে হইচই ফেলে দিয়েছিলেন। এরই অনুকরণে ওপারে শাহেদের হাতে তৈরি প্ল্যাটফর্মের নাম— ‘ঘুষ.সাইট’। লঞ্চের পরে প্রথম ৪৮ ঘণ্টাতেই ৫০ লক্ষেরও বেশি ইউজ়ারের সাড়া পায় আরিয়ানদের সাইট। কোন পরিষেবা দিতে কোন দপ্তর কত ঘুষ চেয়েছে, নাম-পরিচয় গোপন রেখেই সে সব অভিযোগ সাইটে দ্রুত আপলোড করতে থাকেন ইউজ়াররা। অগস্টের মাঝামাঝি পর্যন্ত হিসেব— ভারতের আড়াইশো শহর থেকে ৬৪৬টি ঘুষ-রিপোর্ট জমা পড়ে Bribes.fyi সাইটে। যার মধ্যে অর্ধেকই ছিল পুলিশের বিরুদ্ধে! বাকি সব আরটিও, ভূমি-রাজস্ব, পাসপোর্ট কিংবা পুরসভার বিরুদ্ধে! বেশ চলছিল, কিন্তু আচমকা সব বন্ধ। আরিয়ানের সহযোগী মণীশ সাহানি সপ্তাহদুয়েক আগে লিঙ্কড-ইনে পোস্ট করে জানান, বিপুল ট্র্যাফিকের পাশাপাশি তথ্যের নিরাপত্তা ও প্ল্যাটফর্মের সম্ভাব্য অপব্যবহার ঠেকানোর লক্ষ্যেই আপাতত পরিষেবা বন্ধ রাখা হলো। নাকি, উপরমহল থেকে চাপ আসছিল? উত্তর মেলেনি।