Mahishadal News | রাস্তা দিয়ে ঢুকছে না গাড়ি, বন্ধের মুখে একাধিক ইটভাটা
মহিষাদলের রাস্তার সমস্যায় বন্ধের মুখে একাধিক ইটভাটা। রাস্তার দু’ধারে অবৈধ দখল করে ঘরবাড়ি ও দোকানপাট গড়ে ওঠায় বড় গাড়ি ঢুকতে পারছে না। ফলে কয়লা ও অন্যান্য কাঁচামাল আনা থেকে শুরু করে তৈরি ইট বাইরে পাঠানো—সব ক্ষেত্রেই তৈরি হয়েছে সমস্যা। এর জেরে প্রায় ১০ থেকে ১২টি ইটভাটা বন্ধের মুখে।
পরিস্থিতি খতিয়ে দেখতে মহিষাদলের হাসপাতাল মোড় থেকে বাঁকার রাস্তা পরিদর্শন করেন বিধায়ক, বিডিও, পুলিশ আধিকারিক-সহ প্রশাসনের কর্তারা। ১২ চাকার লরি নিয়ে রাস্তায় ট্রায়ালও চালানো হয়। কোথায় কোথায় বড় গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে, তা চিহ্নিত করে প্রয়োজনীয় জায়গা দখলমুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।
ইটভাটা বন্ধ হলে বহু মানুষের কর্মসংস্থান এবং ইটের জোগানে প্রভাব পড়তে পারে। তাই দ্রুত রাস্তা দিয়ে বড় গাড়ি চলাচল স্বাভাবিক করার দিকেই এখন নজর প্রশাসনের।