লেকটাউনে রেস্তোরাঁয় চলল অভিযান, প্রশ্ন সুজিত-যোগেও - 24 Ghanta Bangla News
Home

লেকটাউনে রেস্তোরাঁয় চলল অভিযান, প্রশ্ন সুজিত-যোগেও

Spread the love

এই সময়: লেকটাউন এলাকায় শুক্রবার তিনটি রেস্তোরাঁয় অভিযান চালাল রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর। জেলা খাদ্য সুরক্ষা আধিকারিকের নেতৃত্বে এই অভিযানে গোলাঘাটা লাগোয়া একটি ধাবা, লেকটাউন মোড়ের একটি বিরিয়ানি-মোগলাই রেস্তোরাঁ এবং একটি চাইনিজ ফুড জয়েন্টে তল্লাশি চালানো হয়। জানা গিয়েছে, এর মধ্যে দু’টি রেস্তোরাঁর সঙ্গে প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ও তাঁর পরিবার যুক্ত।

প্রথমে গোলাঘাটার ধাবাটিতে অভিযান চালান আধিকারিকরা। সেখানে ফ্রিজে রাখা মাংস, কুলচার ফিলিং, বিভিন্ন খাবারের গ্রেভি এবং মশলা নিয়ে আপত্তি ওঠে। ওই সামগ্রীগুলি ফেলে দেওয়ার নির্দেশ দেন আধিকারিকরা। রেস্তোরাঁ কর্তৃপক্ষ সেই নির্দেশ মেনে সামগ্রীগুলি নষ্ট করেন।

জানা গিয়েছে, ধাবাটি সুজিত বসুর ছেলে সমুদ্র বসু ও মেয়ে মোহিনী বসুর। এর পর লেকটাউন মোড়ের একটি বড় বিরিয়ানি জয়েন্টে অভিযান চলে। ২০২৫–এ ওই রেস্তোরাঁর হাইজিন রেটিং হয়েছিল। এ দিন সেখান থেকে পনির, কাসুন্দি-সহ কয়েকটি খাবারের নমুনা সংগ্রহ করা হয়। রান্নাঘরে মাছির উপদ্রবও নজরে আসে। সদ্য রান্না করা খাবারে মাছি পড়ায় সেটি ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সব শেষে একটি চাইনিজ ফুড জয়েন্টে অভিযান চালানো হয়। এলাকায় সেটি সুজিত বসুর বলেই পরিচিত। সেখানে পরিচ্ছন্নতা, খাবারের রেফ্রিজারেশন ও স্টোরেজ ব্যবস্থা নিয়ে একাধিক অনিয়মের কথা জানান আধিকারিকরা। গত কয়েক সপ্তাহ ধরেই রাজ্যের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *