ফারদিন-ইসরাফিলদের দাপুটে পারফরম্যান্স, কলকাতা লিগে হার ভবানীপুরের - 24 Ghanta Bangla News
Home

ফারদিন-ইসরাফিলদের দাপুটে পারফরম্যান্স, কলকাতা লিগে হার ভবানীপুরের

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের সরণিতে ফিরল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সূচি অনুসারে এদিন বিকেলে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে সিএফএল সুপার সিক্সের প্রথম ম্যাচে নেমেছিল সাদা-কালো…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের সরণিতে ফিরল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। সূচি অনুসারে এদিন বিকেলে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে সিএফএল সুপার সিক্সের প্রথম ম্যাচে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল রঞ্জন চৌধুরীর ভবানীপুর ফুটবল ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় ব্ল্যাক প্যান্থার্সরা। এদিন দলের হয়ে গোল করেন ফারদিন আলি মোল্লা এবং ইসরাফিল দেওয়ান। প্রিমিয়ার ডিভিশন লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচে জয় আসায় বর্তমানে অনেকটাই স্বস্তিতে মহামেডান।

কয়েকদিন আগেই গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে পিয়ারলেসের মুখোমুখি হয়েছিল শাহিদ রমনের ছেলেরা। সেই ম্যাচে পরাজিত হতে হয়েছিল রেড রোডের এই ফুটবল ক্লাব। তবে সুপার সিক্স নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তাই সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোই অন্যতম চ্যালেঞ্জ ছিল অ্যাডিসন সিং থেকে শুরু করে হীরা মন্ডলদের। সেজন্য আজ প্রথম থেকেই যথেষ্ট ফুরফুরে মেজাজে ধরা দিয়েছিল দলের ফুটবলাররা। প্রথমদিকে, ভবানীপুর দল বেশ কয়েকবার আক্রমণে উঠে গোল তুলে নেওয়ার চেষ্টা করলেও সেটা সম্ভব হয়নি। তারপর সুযোগ বুঝেই ম্যাচের ৩৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ফারদিন।

প্রথমার্ধের শেষে সেই ১-০ গোলের ব্যবধানেই‌ এগিয়ে ছিল সাদা-কালো ব্রিগেড। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিল ভবানীপুর ফুটবল ক্লাব। কিন্তু বারংবার আটকে যেতে হয়েছিল সাদা-কালোর রক্ষণভাগে। তারপর ৭৯ মিনিটের মাথায় প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিয়ে যান দাপুটে ফুটবলার ইসরাফিল দেওয়ান।‌ এছাড়াও ম্যাচ জুড়ে একাধিক গোলের সুযোগ তৈরি হলেও সেগুলি কাজে লাগাতে পারেননি দুই দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত দুই গোলে ম্যাচ জিতে স্টেডিয়াম ছাড়ে ময়দানের এই তৃতীয় প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *