State Assembly Election: মেয়াদ শেষের আগেই সরকার ভেঙে ভোট করাবে নির্বাচন কমিশন? জল্পনা তুঙ্গে | State Assembly Election: Will the Government of Uttar Pradesh, Punjab & Other States Be Dissolved Early for Assembly Election in 2027? Speculation Intensifies
নয়া দিল্লি: মেয়াদ শেষের আগেই ভেঙে দেওয়া হবে সরকার? নির্দিষ্ট সময়ের আগেই বিধানসভা ভোট (Assembly Election 2027) হতে পারে উত্তর প্রদেশ (Uttar Pradesh), পঞ্জাব (Punjab) সহ ভোটমুখী রাজ্যে। এই নিয়ে জোর জল্পনা। কেন হঠাৎ ভোট এগিয়ে আসতে পারে?
ভোট এগিয়ে আসবে?
সূত্রের খবর, জনগণনার কারণে ভোট প্রক্রিয়া দ্রুত সারতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। সেই কারণেই উত্তর প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর, হিমাচল প্রদেশ ও গুজরাটের বিধানসভা নির্বাচন এগিয়ে আসতে পারে।
কোন কোন রাজ্যে ভোট রয়েছে?
২০২৭ সালের ফেব্রুয়ারি মাসেই পঞ্জাব, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। উত্তর প্রদেশে আগামী মার্চ মাসে ভোট হওয়ার কথা। বছরের শেষভাগে হিমাচল প্রদেশ ও গুজরাটের বিধানসভা নির্বাচন রয়েছে। আগামী বছরের শুরুর দিকে যে নির্বাচনগুলি রয়েছে, সেগুলিই এগিয়ে আসার কথা।
সম্প্রতি যন্তর মন্তরের জেন-জ়ি বিক্ষোভের পর, বিধানসভা নির্বাচন এগিয়ে আসলে সুবিধা হবে কোন পক্ষের? তা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। এদিকে, উত্তর প্রদেশে দ্রুত সাংগঠনিক প্রস্তুতি সারতে আসরে নেমে পড়েছে কংগ্রেস,বিজেপি-দুই পক্ষই।
বিএল সন্তোষের নেতৃত্বে যোগী আদিত্যনাথের উপস্থিতিতে উত্তর প্রদেশের ভোট নিয়ে বৈঠকে বসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই ৭ সেপ্টেম্বর যোগী আদিত্যনাথের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরেছেন উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা বিনোদ তাওড়ে। ১২ সেপ্টেম্বর থেকে পশ্চিম উত্তর প্রদেশের সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সফর শুরু করছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
অন্যদিকে, ভোটের আগে উত্তর প্রদেশের সাংগঠনিক খোলনলচে বদলাতে চলেছে কংগ্রেস হাই কমান্ড। সূত্রের খবর, প্রদেশ সভাপতি থেকে শুরু করে জেলা স্তরে একাধিক জায়গায় নেতৃত্ব বদল করবে কংগ্রেস। এ নিয়ে ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক চলছে ২৪ আকবর রোডে। অখিলেশের সমাজবাদী পার্টির সঙ্গে জোট হবে কিনা, তা এখনও অনিশ্চিত।