স্ট্রেচারে রোগী নয়, উঠল ইট! ক্ষুব্ধ জেলাশাসক
হাসপাতাল ভবনের ভিতরে তখন থিকথিক করছে রোগী ও তাঁদের আত্মীয়দের ভিড়। তাঁরা দেখেন এক যুবক ‘সাইড দিন, সাইড দিন’ বলে স্ট্রেচার নিয়ে দ্রুত পায়ে আসছেন। স্ট্রেচার দেখে তড়িঘড়ি পথ ছেড়ে দেন আশপাশের লোকজনও। কিন্তু কাছে আসতেই দেখা যায়, স্ট্রেচারে কোনও রোগী নেই, তার বদলে স্তূপ করে রাখা আছে ইট। এমন দৃশ্য দেখে কেই অবাক হয়ে যান। কেউ হাসিতে ফেটে পড়েন। কেউ আবার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারি হাসপাতালে আরও যে কত কী দেখতে হবে।’ বিষয়টি নিয়ে হাসপাতাল চত্বরে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অন্তর্বিভাগের দোতলায় একটি জানলা দিয়ে রোগীর পরিজনদের একাংশ নিয়মিত গুটখা ও পানের পিক ফেলতেন। সেই জানলা বন্ধ করার কাজ চলছিল। দোতলায় ইট নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। তাই হাসপাতালেরই পুরোনো একটি স্ট্রেচারে উপরে ইট তোলা হচ্ছিল। যে যুবক স্টেচারে ইট নিয়ে যাচ্ছিলেন সেই রবীন্দ্র জানার কথায়, ‘উপরে ইট তুলতে সমস্যা হচ্ছিল। তখন হাসপাতালের লোকজনই স্ট্রেচারে করে নিয়ে যেতে বলল। তাই স্ট্রেচারেই একসঙ্গে ২০-২৫টি করে ইট নিয়ে যাচ্ছিলাম।’