৩ বছরে ৩,০০০ লিটার প্লাজ়মা কেনে বন্ধ সংস্থা! সিঁথিতে ড্রাগ কন্ট্রোলের জালে ওষুধ কোম্পানি
মঙ্গলবার সিঁথির ওই সংস্থায় কেন্দ্র ও রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকদের যৌথ দল অভিযান চালায়। তদন্তকারীদের কাছে সংস্থার কর্তৃপক্ষ দাবি করেন, তাঁদের কারখানা দীর্ঘদিন ধরেই চালু নেই। কিন্তু নথিপত্র ও লেনদেন খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীদের সামনে আসে একেবারে ভিন্ন ছবি। তদন্তকারীদের দাবি, ২০২২ থেকে ২০২৪— এই তিন বছরে লাইফকেয়ার, লায়ন্স এবং অশোক ব্লাড ব্যাঙ্ক— কলকাতার এই তিন বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে প্রায় ৩ হাজার লিটার প্লাজ়মা কিনেছে ব্যোম লাইফকেয়ার। যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। কারখানাই যখন বন্ধ, তখন এত বিপুল পরিমাণ প্লাজ়মা কেনার প্রয়োজন হলো কেন— সেই প্রশ্নই এখন তদন্তের অন্যতম কেন্দ্রবিন্দু।