Amitabh Bachchan: সইফ-অমিতাভ আসলে আত্মীয়! গোপন সত্যি ফাঁস করলেন বিগ বি | Amitabh Bachchan Explains Surprising Family Connection With Saif Ali Khan on KBC - 24 Ghanta Bangla News
Home

Amitabh Bachchan: সইফ-অমিতাভ আসলে আত্মীয়! গোপন সত্যি ফাঁস করলেন বিগ বি | Amitabh Bachchan Explains Surprising Family Connection With Saif Ali Khan on KBC

Spread the love

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও সইফ আলি খান (Saif Ali Khan)—বলিউডের এই দুই বড় তারকা যে একে অপরের আত্মীয়, তা কি আপনি জানতেন? সাধারণ দর্শক তো দূর, খোদ ছোট নবাব সইফ নিজেও এই কথা শুনে হাঁ হয়ে গেলেন! সম্প্রতি জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন পর্বে নিজের আসন্ন ছবি ‘হায়ওয়ান’-এর প্রচারে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার ও সইফ আলি খান। সেখানে পৌঁছতেই সঞ্চালক অমিতাভ বচ্চন এমন এক গোপন পারিবারিক তথ্য সামনে আনলেন, যা শুনে সেট জুড়ে সবাই অবাক।

খেলার মাঝেই বিগ বি হঠাৎ সইফকে উদ্দেশ্য করে বলেন, অনেকেই হয়তো জানেন না যে সইফ আসলে তাঁদের পরিবারের আত্মীয় হন। অমিতাভের মুখে এ কথা শুনে চমকে ওঠেন সইফ। তিনি পাল্টা প্রশ্ন করে বসেন, “আমি?” এরপরই বিগ বি খুব সহজ করে দুই পরিবারের এই নাড়ির যোগ বুঝিয়ে দেন। আসল যোগসূত্রটি লুকিয়ে রয়েছে বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের মধ্যে।

সম্পর্কের হিসেবটা ঠিক কেমন? অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনের বিয়ে হয়েছে নিখিল নন্দার সঙ্গে। এই নিখিল হলেন রাজ কাপুরের মেয়ে ঋতু নন্দার ছেলে। সেই সূত্রে নিখিল নন্দা এবং করিনা কাপুর সম্পর্কে ভাই-বোন বা তুতো ভাই। আর যেহেতু সইফ আলি খানের স্ত্রী হলেন করিনা কাপুর, তাই বৈবাহিক সূত্রে বচ্চন পরিবারের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে জুড়ে গিয়েছেন সইফও। রক্ত এক না হলেও, কাপুর পরিবার হয়ে নন্দা ও বচ্চন পরিবারের আত্মীয় হলেন সইফ।

মজার ছলে বিগ বি আরও এক ধাপ এগিয়ে একটি প্রশ্ন ছুড়ে দেন। তিনি হাসতে হাসতে জানতে চান, এই সম্পর্কের হিসেবে করিনা কাপুর তাঁকে কী বলে ডাকবেন? আর তিনি নিজে করিনাকে কী সম্বোধন করবেন? বিগ বি-র এই প্রশ্নে গোটা মঞ্চে হাসির রোল ওঠে।

১৯৯৭ সালে নিখিল নন্দার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন শ্বেতা। তাঁদের দুই সন্তান রয়েছে, নবিয়া নভেলি নন্দা ও অগস্ত্য নন্দা। অন্যদিকে সইফ ও অমিতাভ শুধুমাত্র পরিবারের সদস্যই নন, অতীতে ‘একলব্য: দ্য রয়্যাল গার্ড’ এবং ‘আরক্ষণ’-এর মতো বড় ছবিতে একসঙ্গে অভিনয়ও করেছেন। তবে কাজের বাইরে দুই পরিবারের এমন অজানা আত্মীয়তার গল্প সামনে আসতেই নেটপাড়ায় এখন হইচই পড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *